somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্পসের চুড়ায় ২

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আল্পসের পাদদেশে গ্র্যানিঊ এলাকার এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গারমিস পার্টেনকিচেন। সমতলে আমাদের শেষ স্টেশন। ট্রেন থামতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই। ঠাণ্ডা এখানে মিঊনিখের চেয়ে বেশি। তাপমাত্রা ৪ ডিগ্রি, সাথে ঠান্ডা বাতাস। আকাশের নীলচে ভাবটা নেই। আবহাওয়া বার্তা ফলতে শুরু করেছে। আল্পসের চূড়া দূরে হলেও মনে হচ্ছে বরফ ছুঁয়ে বাতাস ছূটে আসছে প্ল্যাটফর্মে। পাহাড়ের চূড়ায় ওঠার অভিযান এখান থেকেই শুরু। Bayern Zugpitz Bahn এর একটা অফিস আছে গারমিস পার্টেনকিচেনো। তার সামনে থেকেই কগ হুইল ট্রেন, কেবল কার আর চেয়ার লিফট ছেড়ে যায় ঘন্টায় ঘন্টায়। সবচেয়ে উঁচু চুড়ায় যাবার জন্যে ভাড়া জন প্রতি ৪৭ ইঊরো।কগ হুইল ট্রেন আমি আগে কখনও দেখিনি। বরফে ছাওয়া রেল সড়কে চলার উপযোগী এই ট্রেনের চাকা থাকে লাইনের মাঝ বরাবর এবং মাত্র একটি।চাকার দুপাশে থাকে বরফ সরানোর কিছু একটা । এক চাকার এই ট্রেন মৃদু মন্দ ঝাকুনি দিয়ে বরফ সরাতে সরাতে এগিয়ে চলে। কগ হুইল ট্রেন প্রথমে যাবে ঈব সী। সেখান থেকে আবার কগ হুইল ট্রেন কিম্বা কেবল কারে যুগপিতয, সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৯৬৪ মিটার উঁচুতে জার্মানির সরব্বোচ্চ চুড়া। তবে আল্পসের সবচেয়ে উচু চুড়ার নাম মাউন্ট ব্ল্যাঙ্ক। ফ্রান্স – ইটালি সীমান্তে এই চুড়ার উচ্চতা ৪ হাজার ৮০৭ মিটার। শীত আর উচ্চতার কাওরণে আমাদের দলে ভাঙ্গন শুরু হল। পাঁচজন মিউনিখে ফিরে যাবার সিদ্ধান্ত নিল। রয়ে গেলাম আলম, রকিব, আনোয়ার, নজরুল আর আমি। এদিকে আমার জামা কাপড়ের যে অবস্থা, তাতে যুগপিতয এর অনেক আগেই আমার বরফ হয়ে যাবার সম্ভাবনা প্রবল। খালেদ এগিয়ে এল বিপদে। মিঊনিখ ফিরে যাবার আগে তার জ্যাকেটটা দিয়ে গেল আমাকে। খালেদের জ্যকেট গায়ে তৈরি হলাম।
টিকেট কাটতে গিয়ে জানলাম ট্রেন ছাড়তে তখনও ৪০ মিনিট বাকি। এই সুযোগে গারমিস দেখতে বের হওয়া গেল। সরকারি হিসাবে গারমিস পার্টেনকিচেনকে গ্রাম বলা হলেও প্রকৃত পক্ষে ছোট্ট একটি ট্যুরিষ্ট শহর গারমিস। ছিমছাম, পরিচ্ছন্ন। শহরের মাঝ বরাবর মসৃন পিচঢালা পথ, দু’পাশে শপিং সেন্টার, সুন্দর ফোয়ারা আর পেছনে বিশাল আল্পস।জার্মানিতে ছুটির দিনে দোকান পাট বন্ধ থাকে, তার ব্যতিক্রম নয় নির্জন এ শহরও।আলমের ক্যামেরাটা খারাপ হয়ে গেল হঠাৎ করেই। ছবির মতো এই শহরের ছবি তুলতে না পেরে তারও মনটা গেল খারাপ হয়ে।



ঈব সীর পথে
বারোটার একটু আগে বা পরে আমাদের যাত্রা শুরু হলো। খুব বেশি যাত্রী নেই ট্রেনে। সামনের দিকে কম বয়সী কয়েকজন ভারতীয় তরুণ-তরুণী ভিডিও ক্যামেরা নিয়ে ছবি তোলায় ব্যস্ত। উজ্জ্বল কমলা আর হলুদ রঙের স্কী পোশাক পরা কিছু জার্মান। আর আমরা। এই প্রথম দেখলাম জার্মানরা পথ চলছে বই ছাড়া। গোমড়া মুখের পরিবর্তে প্রাণবন্ত একদল মানুষ। প্রথমবারের মতো দেখলাম জার্মানদের প্রগল্ভতা। হয়তো স্কী’র উজ্জ্বল পোশাকই রং ধরিয়েছে এদের মনে। আল্পস যতই কাছে আসতে থাকলো, তার চেহারা ততই বদলে যেতে থাকলো আমাদের চোখে। ট্রেনের জানালা থেকে বরফে ছাওয়া দু-একটা ঝাউ আর বারচ গাছ নজরে এলো ছোট বেলায় দেখা বইয়ের ছবির মতো। গারমিসের নিকটবর্তী কয়েকটি স্কী স্পটে নেমে গেল কিছু যাত্রী। কেবল-কারেও যাওয়া যায় এসব জায়গায়। সবচেয়ে কাছের চূড়াটি মাত্র ১৬৫ মিটার দূরে। তার পর একের পর এক মোট ১৬/১৭টি স্পট। আমরা যাব উচ্চতম চূড়ায় আকাশ ছুঁতে।
কগ হুইল ট্রেন চলে ধীর লয়ে একটু দুলুনির মধ্যে দিয়ে। ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে প্রকৃতি। রেল লাইনের কাছেই সুন্দর সুন্দর কাঠের বাড়ি। দূরে ভেজা রাস্তা, পাহাড়ের গায়ে ঝোপ হয়ে থাকা গুল্ম, নিচে নুয়েপড়া লতা এবং বৃষ্টিস্নাত গাছপালার ফাঁক দিয়ে হঠাৎ হঠাৎ ঝলকানি দেওয়া ছিটেফোঁটা আলো দেখতে দেখতে ২৫ মিনিটে পৌঁছে গেলাম ঈব সী।



পাহাড় চূড়ায়


কি করতে হবে বুঝতে পারছি না। একজন জার্মান ভদ্রলোক পরিষ্কার ইংরেজিতে বললেন, ‘কেবল-কারে যেতে চাইলে রাস্তা পার হয়ে কেবল-কার স্টেশনে চলে যাও।’ কে একজন বলল, ‘একেই বলে বাণিজ্য। একটা ইংরেজি শব্দ যাদের মুখ দিয়ে বের হতে চায় না, ব্যবসার কারণে তারাও কত ভালো ইংরেজি বলে।’ কেবল-কারের জন্যে বেশিক্ষণ দেরি করতে হলো না। ঈব সী থেকে ঘণ্টায় ১২ হাজার যাত্রী উঠা-নামা করে পাহাড়ের বিভিন্ন চূড়ায়।
এক ট্রিপে ৯০ জন যাত্রী। কেবল-কারে সবাইকে দাঁড়িয়ে যেতে হয়। ভারসাম্য রক্ষার জন্যে বাসের রডের মতো রডও রয়েছে কেবল-কারের ভেতরে। চূড়ায় ওঠার জন্যে কগ হুইল ট্রেনসহ ৩৮টি বাহন আছে ঈব সীতে। বেশ কিছু ভিনদেশী যাত্রীর সাথে কেবল-কারে চড়লাম আমরা ৫ বাঙালি।
একটু একটু করে উঠছে কেবল-কার আর কানের উপর চাপ বাড়ছে। তবে ঈব সী’র রূপের ঝলক তাক লাগিয়ে দিচ্ছে আমাদের। ব্যভারিয়ার সবচেয়ে দৃষ্টিনন্দন প্রাকৃতিক হ্রদ ঈব সী। যুগপিতয’র নিচদিকে পাহাড়ি উপত্যকায় অবিশ্বাস্য সুন্দর এই হ্রদ। পাহাড়ের বরফগলা পানি মিশেছে এই হ্রদে। আকাশের নীল, তুষারের শুভ্রতা, আর সবুজের ঘেরাটোপে সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা ঈব সী। মিনিট কয়েক দেখা দিয়েই সূর্য আবার হারিয়ে গেল ঘন কুয়াশায়। আমরা ততক্ষণে মেঘের রাজ্যে ঢুকেছি। নিচে কুয়াশার মধ্যে দিয়ে এক আধবার ভেসে উঠছে ঈব সী, আবার মিলিয়ে যাচ্ছে পরক্ষণেই। যেন এক মায়াবী জগত। কেবল-কারের নিচে সরাসরি তাকাতে বুকের জোর লাগে। দুর্বল হৃদয়ের মানুষদের এই বাহনে ওঠা নিষেধ।
পাহাড়ের গাছ লম্বা হয় জানতাম, এখানে মনে হলো যতটুকু কল্পনা করতে পারি তার চেয়ে দীর্ঘ এসব গাছ। মেঘ, কুয়াশা আর গাছের ফাঁক দিয়ে আবছা দেখাচ্ছে বরফ ঢাকা রাস্তা। হঠাৎ যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়? কেউ একজন বলল, ‘ভয় নেই, গত ৫০ বছরে জার্মানিতে বিদ্যুৎ বন্ধ হয়নি এক মিনিটের জন্যেও।’ ঈব সী থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে যুগপিৎয তার মধ্যে এক হাজার মিটার একেবারে খাড়া। ১০ মিনিট পর পৌঁছে গেলাম গন্তব্যে। কেবল-কারের দরজা খুলে বেরুতেই তীব্র ঠান্ডা হাওয়া চাবুক মারল চোখেমুখে। দ্রুত ঢুকে গেলাম যুগপিৎয কেবল-কার স্টেশনে। মেঘের উপর এক অবাক স্থাপনা এই কেবল-কার স্টেশন। চারদিকে মেঘের আস্তরণ আর পায়ের নিচে মেঘ নিয়ে দাঁড়িয়ে থাকা এ জায়গার নাম দেওয়া যায় ‘মেঘ চাতাল’।
যুগপিৎযে আছে আশ্চর্য এক আর্ট গ্যালারি। সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৯৬৪ মিটার উচ্চতায় ৪৫০ বর্গমিটারের এ গ্যালারিতে প্রকৃতির সাথে চারুকলার অভূতপূর্ব মিলন ঘটেছে। বছরে দু’বার এখানে সমকালীন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী হয়। স্টেফান বাস্কেনল, টনিক্র্যাগত, ফ্রাস্কো মারলোর মতো শিল্পীরা চলে আসেন প্রকৃতির কাছাকাছি। আর এই উচ্চতায় প্রকৃতির সাথে মানুষের সৃষ্টিশীলতার পার্থক্যটা মূর্ত হয়ে ওঠে। জয়ী হয় অবশ্যই আল্পস। আর্ট গ্যালারির পাশাপাশি স্যুভেনির শপগুলোও কম আকর্ষণীয় নয়। তবে সবচেয়ে মন কাড়ে সামিট রেস্তোরাঁ।


প্রায় ৩০০০ মিটার উচ্চতায় কাচ ঘেরা এক কাপ কফি হাতে রোদ বরফের হুটোপুটি, পায়ের নিচে উড়ে যাওয়া মেঘ, কুয়াশা ও মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে ভেসে ওঠা বন, দূরে ঘন নীল ঈব সী আর সবুজ গাছে ছাওয়া গ্রাম দেখার আনন্দ ভুলবার মতো নয়। অস্ট্রিয়া, ফ্রান্স আর জার্মানির সীমান্ত এখানে মিলেমিশে একাকার। ইচ্ছে হলে ওয়াকিং ট্রেইল ধরে ঘুরে আসা যায় অস্ট্রিয়ার টিরল থেকে। তবে স্কী এ পাহাড়ের চূড়ায় নয়। এখান থেকে দেড়শ’ ফুট নিচে, আলপিতয মালভূমিতে।
যুগপিতয শৃঙ্গ থেকে আবার কেবল-কারে উঠলাম। এবার গন্তব্য আল্পিতয, ১৯২৬ সাল থেকে স্কী’র জন্যে জগত বিখ্যাত যুগপিতয মালভূমির আর এক নাম। ২ হাজার ৮০০ মিটার উঁচু এই মালভূমিতে স্কী এরিয়া ছাড়াও আছে রেস্টুরেন্ট, মুভি শো, ওয়াকিং ট্রেইল আর গির্জা। আগের মতোই কেবল-কারের বাইরে বের হবার সাথে সাথে বাতাসের ঝাপটা ছুঁয়ে গেল সমস্ত শরীর। কনকনে শীত আর উদ্দাম হাওয়ার চাবুকে হাড় নড়ে যাবার আবস্থা। তীব্র শীত ও বাতাসে তীক্ষ্ণ ছুরির মতো শরীরে বিঁধছে তুষার কণা। কেবল-কার স্টেশনের মুখেই একটা ফাস্ট ফুডের দোকান; শোন আলপিন। উচ্চস্বরে ইংরেজি গান বাজছে সেখানে। জার্মান তরুণ-তরুণী ইংরেজি গানের ভক্ত। ডিস্কো আর নাইট ক্লাব ছাড়া এই প্রথম প্রকাশ্যে উচ্চস্বরে গান শুনলাম জার্মানিতে। এতে শব্দ দূষণ হচ্ছিল কিনা জানি না। তবে আমার মনে হচ্ছিল পাহাড়ের উত্তাপ বাড়ছে। তারই মধ্যে বরফে ডিগবাজি খেতে লাগলো প্রথমে রকিব, পরে আনোয়ার। নতুন পরিবেশে আড়ষ্ট হয়ে পড়ি আমি। হঠাৎ একটা তুষারের দলা আমার গায়ে ছুঁড়ে দিল কেউ। আড়ষ্টতা কেটে গেল নিমিশেই। হাতের দস্তানা খুলে এক তাল তুষার ছুড়ে দিলাম অন্যদের দিকে। প্রথমে মনে হলো হাতের আঙুলগুলো আমার নয়। জমে গেছে। তাপমাত্রা এখানে শূন্যের নিচে দুই ডিগ্রি। একটু পরে সব স্বাভাবিক মনে হতে লাগলো। জীবনে প্রথম অনুভব করলাম আর্মি বুট বা বুট ডিএমএস খুবই উপকারী জুতো। বলতে গেলে বরফ, স্কী, অভিযাত্রী, তুষারÑ এগুলোর সাথে মিশে গেলাম সবাই।
এখানকার সম্পূর্ণ এলাকা স্কীর উপযোগী নয়। কোথাও কোথাও তুষার ধস নামে হঠাৎ করে। এসব এলাকায় আগে থেকে সতর্কবাণী লেখা আছে। স্কী এরিয়া ঠিক রাখার জন্য ২০টি বরফ সমান করা গাড়ি ‘স্নো ক্যাট’ আর ৫০ জন কর্মী নিয়োজিত আছে। কয়েকটি স্পটে সারা বছর স্কী চলে। গ্রীষ্মকালে কৃত্রিম বরফে ঢেকে দেওয়া হয় স্কী স্পটগুলো। এসবের জন্য সারা বছর পানি জমিয়ে রাখা হয় নিকটবর্তী হিমেল রাইখ রিজারভারে। আল্পিতয ওয়াকিং ট্রেইল ধরে এগিয়ে যেতে যেতে দেখি কোথাও কোথাও বরফ জমে কঠিন হয়েছে। গ্লেসিয়ারের মতো। পড়েও গেলাম একবার। এক জায়গায় শুকনো মাটি কিংবা পাথরের চাঁই পাওয়া গেল। তুমুল আবেগাক্রান্ত আলম জ্যাকেটের পকেটে হাত ঢুকাতে ঢুকাতে বলল, ‘আল্পসের উচ্চতা কমিয়ে দিলাম কয়েক মিলি মিটার’।
স্লেজ ধরনের একটা বাহন পাওয়া গেল হঠাৎ করেই। একদল ভারতীয় আর দু’জন পশ্চিম ইউরোপীয় তরুণী ব্যবহার করছিল বাহনটি। তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আমরাও একটু মজা করলাম। কাঠ বা চামড়ার আসনের মতো এ বাহনের সামনের দিকে দড়ি থাকে গতি নিয়ন্ত্রণের জন্য। পাহাড়ের উঁচুতে বসে দড়ি টান দিলে চলা শুরু হয়। দড়ি টেনে গতি বাড়ানো যায়। আর থামাতে হয় পা দিয়ে।
আল্পিতয-এর বাড়তি আকর্ষণ ছোট্ট একটি গির্জা। আমাদের দেশের পাহাড় চূড়ায় মাঝে মাঝে যেমন নিভৃত কোনো মন্দির দেখা যায়, অনেকটা সেরকম। পাথরের গির্জা। স্কী’র লাল, নীল, কমলা আর হলুদ পোশাককে দিনের আল্পস থেকে আলাদা করার উপায় নেই। দূর থেকে তুষারবৃত আল্পসে মৌন ধ্যানী কোনো ঋষি ভাবতে ইচ্ছে করে। কাছে এলে মনে হয় ঋষির ধ্যান ভাঙাতেই যেন স্কী’র পোশাকে এসেছে উচ্ছ্বল তারুণ্য।
বেলা তিনটার দিকে সূর্যের তেজ কমতে শুরু করল। আমাদের তখনও দেখা হয়নি অনেক কিছুই। তবু অন্ধকার হবার আগেই ঘরে ফেরার তাড়া। ফিরতি কেবল-কারে উঠলাম একটু পরে। এক জাপানি পরিবারের সাথে পরিচয় হলো। বাংলাদেশ থেকে এসেছি শুনে তারাও খুব খুশি। কর্মসূত্রে বাংলাদেশ দেখেছে এই দম্পতি। সবুজ বাংলাদেশের স্মৃতি সযত্নে লালিত তাদের অন্তরে। জার্মানির সর্বোচ্চ চূড়ায় পাঁচ বাংলাদেশীর পদচিহ্ন রেখে ফিরে এলাম ৪টার দিকে। ঘন কুয়াশায় তখন ঈব সী’র নীল পানি আর স্পষ্ট নয়। চারদিকে শীতের তীব্রতা বাড়ছে। আর ক্রমশ ঘনায়মান আঁধারের মাঝেও মাথায় বরফ নিয়ে জ্বলজ্বল করছে আল্পস।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×