জাপান বলেছে, পরমাণু বোমা পরীক্ষার ফলে উত্তর কোরিয়ায় আজ দু’দফা ভূকম্পন দেখা দিয়েছে। এদিকে উত্তর কোরিয়া ঘোষণা করেছে তারা অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরি করেছে।

কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা ইন্সটিটিউট অত্যাধুনিক এ বোমা তৈরি করেছে। আর এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাষ দেয়া হলো বলেও খবরে উল্লেখ করা হয়। ইন্সটিটিউট ঘুরে দেখার সময়ে নতুন অস্ত্র পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
অন্যদিকে উত্তর কোরিয়ার আজকের ভূকম্পন সম্পর্কে মার্কিন ভূতত্ত্ব বিভাগ বা ইউএসজিএস বলেছে, ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৩ ছিল এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ঘটেছে। ভূকম্পনের কেন্দ্রস্থল উত্তর কোরিয়ার সুংজিবেগামের ২৪ কিলোমিটার উত্তরপূর্বে ছিল বলেও জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, পরমাণু বোমা পরীক্ষার কারণে এমন ভূকম্পন ঘটতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা কেসিএন বলেছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিত্তিতে তাদের তৈরি হাইড্রোজেন বোমার ক্ষমতা শত শত থেকে হাজার হাজার কিলোটন পর্যন্ত নির্ধারণ করা যাবে। উত্তর কোরিয়া শতভাগ নিজস্ব প্রযুক্তিতে এ বোমা তৈরি করেছে বলে খবরে উল্লেখ করা হয়। এ ছাড়া, জানান হয়, নতুন তাপপরমাণু অস্ত্রের অতিমাত্রায় বিস্ফোরক ক্ষমতা রয়েছে। উত্তর কোরিয়া বলেছে, আজ আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হবে। উত্তর কোরিয়া যদি নিশ্চিত করে তবে আজ দেশটি ষষ্ট দফা পরমাণু পরীক্ষা চালাল।
গত জুলাইয়ে দুই দফা আইসিবিএম পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার এ আইসিবিএম দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের একাধিক লক্ষ্যে আঘাত হানা যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়া অ্যামেরিকার সাথে সম্ভাব্য যুদ্ধে একই সাথে পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমার ব্যবহার করবার প্রস্তুতি নিচ্ছে!

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাত মোকাবেলায় কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র? এমন প্রশ্নের জবাবে মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা দাবি করেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য আলাস্কায় মোতায়েন প্রতিরক্ষা কেন্দ্র শতভাগ প্রস্তুত রয়েছে। যদিও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, অতীতে আলাস্কার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্র থেকে ১৮ দফা পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে মাত্র ১০ বার কল্পিত শত্রুর ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে এ কেন্দ্র থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



