
পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?"
আজ সারা দিন আয়াতটি নিয়ে ভেবেছি। মহান আল্লাহ্তায়ালা একদল মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলতে পারতেন 'তারা ভালোদের মধ্যে অধিক ভালো'। অথচ, তা না বলে আমাদেরকেই জিজ্ঞাসা করে মতামত দিতে বলেছেন এভাবে - 'কারা উত্তমদের মাঝে উত্তমতম'? তিনি নিজে থেকে কোন কথা চাপিয়ে দেন নাই। বরং, সেইসব মানুষদের কিছু গুনের কথা উল্লেখ করে আমাদেরকেই প্রশ্নের উত্তর ঠিক করতে বলেছেন।
আরেকটি বিষয়। ''ভালোদের মাঝে কে অধিক ভালো?'' না বলে ''উত্তমদের মাঝে কে বেশি উত্তম (উত্তমতম)?'' - কেন বললেন?
খোদা এও বলতে পারতেন - ''মন্দদের মাঝে কে ভালো...?" সেটাও বলেন নাই! বলেছেন - "ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম.....?"
আমরা সবাই জানি, গুড-বেটার-বেস্ট বলে তিনটি গুন আছে, যার অর্থ, 'ভালো - বেশি ভালো - সবচেয়ে ভালো (উত্তম)'। যারা সবচেয়ে ভালো, তাঁদেরকেই আমরা 'উত্তম' বলি। আমাদের আল্লাহ্ যারা নিজেদের 'মুসলমান' বলেন, তাঁদেরকে অন্য ধর্মের মানুষদের চেয়ে 'বেশি উত্তম' বা 'উত্তমতম' বলেছেন, কিন্তু, অন্য ধর্মের অনুসারীদের খারাপ বলেন নাই। অন্য ধর্মের অনুসারীদের মাঝে উত্তম মানুষ আছেন, তা এই আয়াত থেকেই বুঝা যায়!
আমাদের ইলাহ-ই এই আয়াতের মাঝে ঘোষণা করেছেন যে - 'অন্য ধর্মের অনুসারীরাও উত্তম হতে পারেন'।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

