তুমি হয়ত আমাকে উন্মাদ বলবে
অথবা গণিত-মূর্খ অন্ধ ভিখারী
হয়ত আমাকে তুমি দেখবে রাস্তায়; মোড়ে
ভিক্ষারত বেঢপ পতিতার সাথে
একদিন আমার দিকে মুখ তুলে তাকাতেও তোমার খুব ঘৃণা হবে
জীবনের আবর্জনা মনে করে সরিয়ে দেবে স্মৃতি থেকে
দু:খ ভারাতুর গ্রামেও আমার হবেনা ঠাঁই
যেখানে নারীরা বয়ে চলে মৃত সম্পর্কের লাশ
আর পুরুষ মাগুর পুকুরের যোণীতে মারে ঘাই
তীব্র বিরক্তিতে তুমি হয়ত আমাকে তুলে দেবে কুকুর-ধরাদের হাতে
র্যাবিস আর সিফিলিসে আমি এতটা বিকৃত হব
চারুকলার শিক্ষার্থীও আমাকে দেখে সরিয়ে নেবে ইজেল
সম্ভ্রান্ত ট্রাকগুলো আমাকে পাশ কাটিয়ে চলে যাবে নি:শব্দে
ফিরেও তাকাবে না জনস্রোতের উত্তাল ঢেউ
এমনকি নরকগামী এঙ্প্রেস মেল
তবুও আমার কাছ থেকে তুমি কেড়ে নিওনা তীব্রতম বেদনার নীল
ভারসাম্যের জন্য পাঠিয়ে দিওনা কোন আশ্রয়কেন্দ্রে
এই নীলটুকুই তো দৃষ্টি আমার
সবগুলো ইন্দ্রিয় বুঁজে গেলে যে দেখায় আকাশের রঙ
তুমি হয়ত আমাকে বিকারগ্রস্থ বলবে
অথবা পিষে ফেলবে তীক্ষ্ন হিলের ঘষায়
তবু আমি হয়ে থাকব জীবনের তীব্রতম সঙ
দয়া করে আমাকে স্বাভাবিক হতে বোলনা
তুল্য কোরনা কোন সমান্তরাল যুবরাজের সাথে
এভাবে হাতড়ে হাতড়েই আমি আকাশ দেখি
অ-স্বাভাবিক স্পর্শ-গাঁথার
কাদা মাখামাখি করা নীল রঙআ জ্বলন্ত প্রাতে
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




