আজ আকাশ ঘুমায় তোমার শিয়রে
ওকে কথা দেয়া ছিল সেই শৈশবে
শেওলা পড়া ছাদে একাকী বিষ্ময়ে
যেদিন আমি তাকিয়েছিলাম তোমার মুখের দিকে,
মমতাময়ী নক্ষত্রের অদৃশ্য যোগাযোগে
নিকষ মহাকাশে তুমি উজ্জ্বল
কোমল আর ঘনিষ্ট খুব।
সেই চোখে জল ছিল
আর ছিল মায়া টলটল,
আমার ভ্রম, আমাদের ভ্রমসমূহ।
বইয়ের পাতা থেকে পিক্সেলে
হাঁটুমুড়ে বসে ছিল,
যেভাবে ঘাসের উপর বসে থাকে
রাতের শিশির
নিঃশব্দ আর দেমাগী স্থির।
যেভাবে আমি যাই তোমার কাছে
ঘুমে ভরা চোখে ফু দিয়ে আসি,
তোমার গোপন স্বপ্নগুলো যাতে আরো সুন্দর হয়
সবুজ হয় তোমার বাগান, মাঠ কিংবা বসতি
তোমার চুলে হাত বোলাই
আর তুমি ঘুম থেকে উঠে দেখ
কান বেয়ে নেমে আসা আশ্চর্য্য বেণী।
এইসব গোপন ভ্রম ছাড়া
আর কিই বা দিতে পারি আমি,
তিরিশের হিসাব?
কতগুলো চুমুর পর ক্লান্ত হব?
খাবার টেবিলে কতবার একলা অপেক্ষার পর
তুমি আগ্রহ হারাবে?
ঠিক কোন বিকেল থেকে তুমি সত্যি সত্যি ভাববে
বিশ্ববিদ্যালয়ের সেই বন্ধুর কথা?
আমাকে ক্ষমা করে দেবে
সন্তানের মুখের দিকে তাকিয়ে
আয়নার দিকে তাকিয়ে
বা কোন কিছুর দিকে না তাকিয়েই?
অংকটা জানা থাকে সবারই
যেমন আছে তোমারো।
আর তুমি মেঘে যেতে চাইলে
তিনটা পদবী ; দুটো রাইফেল আর একটা
জ্বলজ্যান্ত পাজেরোকে কাঁধে করে খুব বুঝে
খুব খুব জুঝে
তুমি ডানা চাইলে।
এতগুলো অংকের বোঝা নিয়ে
শেষমেষ তোমার টেবিল জুড়ে ত্রিকোণমিতি;
নাঙ্গা নর্তকী হয়ে তোমাকেই নাইট শো দেখায়।
আর চোখ খুলে তুমি দেখ ঘুমের স্বপ্ন,
একটা তরতাজা ঘুম সোজা সমুদ্র থেকে এসে
ঝাপটা মেরে তোমাকে নিয়ে যাবে আকাশে।
অথবা ডাঙ্গায় বসে তোমাকে ঘুম পাড়াবে
আর পড়ে থাকবে তোমার পাশে
সম্পূর্ণ অংকহীন,
যেন জ্যামিতি বাক্সটা কোনদিনই খোলা হয়নি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




