জানিনা কিভাবে, কোলবালিশে মাথা গুঁজলেই
মনে হয় একটা সরীসৃপ, পিঠের পেছন থেকে
উঁকি দিয়ে দেখছে,
ভীষণ বে-আব্রু লাগে নিজেকে।
চাদর টেনে আলো জ্বালাতেই
ঘোলাঘোলা চোখে অস্বচ্ছ দৃষ্টি
একটা ঝাঁকুনির পর যেন জেগে উঠছে।
রড লাইটের আলোর পেছনে সরীসৃপ দেখিনি কোনদিনও
এমনকি ত্রস্ত টিকিটিকিও নয়, কিংবা তার ফেলে যাওয়া লেজ;
বিগত বাইশ বছর ধরে।
যদিও ঠিক এক দশক ধরে
আমি নিয়মিত দেখছি তোমার জেগে ওঠা
নানান কাপড়ে।
ম্যাক্সী, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, স্কার্ট, কিমানো, কুর্তা কতনা কিছু।
তুমি এযাবৎ কালের তাবৎ ভঙ্গিতে ক্রমান্বয়ে জেগে উঠছো
ভীষণ সুন্দর, ভীষণ অনবদ্য, সম্পূর্ণ অনন্য।
প্রতিদিনের খবরের কাগজে ছোট্ট করে লুকানো বিস্ময় সংবাদ,
শিরোনামে পৃথিবী ধংস হবার খবরেও যার চমক এতটুকু ম্লান হয় না।
জানিনা কেন, তোমরা একে রোমান্টিক ভাবালুতা বল
আলাদা আলাদা ঘুম নিয়ে জড়িয়ে থাকো পরস্পর
ঘুমিয়ে আছি তো আমরা অধিকাংশই
পিছন থেকে উঁকি দেয়া সরীসৃপের হাসির তোয়াক্কা করিনা
শিরশিরে বে-আব্রু থাকি
প্রতিফলিত হতে থাকি অনন্ত আয়নায়
অথচ দাম্পত্য দশকেও
সরীসৃপকে তাড়িয়ে দেবার অনুরোধ করি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

