প্রিয় বন্ধুরা সব, সমবয়সী দূর বয়সী
তোমাদের শংকিত ভুরু, তোমাদের ভাঁজ পড়া চোখ
তোমাদের উৎকন্ঠিত চুমু
সমাজের সাজ-পোশাকে সেজে থাকা টানটান মেকাপের মুখ
এত ভয় পেওনা!
কেননা এক একটা ভ্রুণের পেছনে তোমাদের দিনরাত্রি ছুটে চলা নাভীশ্বাস
লিখিত হচ্ছে ডিএনএতে
এই যে বিক্ষত শরীর নিয়ে তোমাদের আতংকিত সহবাস
লিখিত হচ্ছে ডিএনএতে
খাবার দিচ্ছে কেবল জমাট অন্ধকারের,
হিমশীতল ভয় আর ছলনাময়ী অর্থনীতির।
জানি পথটুকু সহজ নয়
তবুও কি অবলীলায়
মেডিকেলের-বিজ্ঞান ছুরির নীচে
তোমরা তুলে দিচ্ছো নিজেদের;
তোমরা ধর্ষিত হচ্ছো, তোমাদের আত্মা ধর্ষিত হচ্ছে
কেবল এক ভ্রুণের আশায়
এক একটা জাইগোট, এক একটা ডিম্বাণু, এক একটা ভাড়া করা জঠর
টেস্ট টিউবে নিয়ে ছুটছো কোথায়?
তোমাদের সন্তানের দিকে, তোমাদের ভবিষ্যতের দিকে?
কোন সে ভবিষ্যৎ, ভয় আর আতংকের মেঘ জমা থাকে যেখানে?
তোমরা পামবীচে প্রেম করতে যাও
তোমরা নতুন রেঁস্তোরায় রোমান্স খুঁজতে যাও
তোমরা বিজ্ঞাপনে বিশ্রাম খুঁজতে যাও
তোমরা রিসোর্টে রিসোর্টে হয়রান হতে যাও
পরস্পরকে অকেজো ভাবতে ভাবতে সঙ্গম কর
আসলে তোমরা হত্যা কর
তোমরা হত্যা কর তোমাদের সন্তানের অভিভাবককে
সন্তান তো গাড়ী-বাড়ী-ব্যাংক নয়
সন্তান তো সৃষ্টি তোমাদের
যৌথ খামার, যৌথ ডানার আকাশ
সন্তানের জন্য; প্রিয় বন্ধুরা আমার
একসাথে হাসো
ভ্রুণের মোহে নয়, সৃষ্টিকে ভালোবাসো।
শরৎ চৌধুরী, ২২/১১/১৩, রাত ১১:৪০, পল্লবী, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


