=)আপনি এই শহরটাকে ভালোবাসেন?
=>হ্যা।
=>কারণ, এই শহরটা নিষ্ঠুর হলেও; এখানে পড়ে আছে আমার সমস্ত প্রেমিকার লাশ।
=)বাহ!
=)আপনি এই শহরটাকে ঘৃণা করেন?
=>হ্যা।
=)কারণ?
=> উমম!! কারণ.....
সবার মত আমিও ফিরে এলাম অন্য দেশ থেকে; আর সারাপথ জুড়ে শুনতে হল উৎকন্ঠিত অন্ধকার এবং বিনিদ্র জোনকপোকাদের জমানো অভিযোগ। মহানগরের দাবরানি খেয়ে সেই যে ঘরছাড়া হয়েছে এরপর আর বাড়ী ফেরা হয়নি। কবে ফিরবো, কবে ফিরবো বলে শিশুর মত চিৎকার করছিল যখন, তখন বাধ্য হয়েই কাছে গেলাম। শান্ত কন্ঠে জানালাম, "সম্ভবত তোমাদের আর ফেরা হবে না"। ছটফটে মুখগুলো নিষ্প্রভ হয়ে আসাতে আমি বললাম, "চল বেড়াতে যাই কোথাও"। অন্ধকার তাচ্ছিল্যের স্বরে বলল, "কি! গ্রামে?", "পোল্ট্রির দূর্গন্ধ আর মোবাইল-টিভির ঝলসানিতে একদন্ড ঘুমাতে পারবো?" জোনকপোকারা তখনো আশাবাদী, বলল, "চলোচলো গ্রামে যাই, গ্রামে অন্তত ভোররাতে জ্বলে থাকতে পারবো তারাদের মতোন।" অন্ধকার, টিটকারি মেরে বলল, "হাহাহাহা যাও যাও, মানুষের পায়ের নীচে কখন যে পিষে মরবে, টেরই পাবেনা"। আমি অন্ধকারকে চোখ রাঙিয়ে বললাম, "আহা থামতো, এত সারকাস্টিক হবার কি আছে?" অন্ধকার, চোখ সরু করে আমার দিকে তাকিয়ে বলল, "নেই? নেই? তাহলে এতক্ষণ ধরে কষ্ট-কল্পনা করে আমাদের সাথে কথা বলছো কেন? আমাদের খুঁজে নিলেই পারো?" আমি কিছু বললাম না, মোটরবাইকের হেডলাইটটা সবচেয়ে উজ্জ্বল করে জ্বালিয়ে অন্ধকারকে পাশ কাটিয়ে, জোনাকদলকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে শহরের দিকে রওনা দিলাম। এই শহরটাকে আমি ঘৃণা করি, এই শহরটাকে আমি তীব্রভাবে ঘৃণা করি। আমার সমস্ত প্রেমিকার লাশের মত আমি এটাকে ঘৃণা করি। এরা মারা যায়না পুরোপুরি, এরা বেঁচে থাকেনা পুরোপুরি। এরা অস্তিত্বশীল থাকে একটা শহরের মত। এরা বেঁচে থাকে আমার মত। শাস্তি এবং শান্তির ধারাবাহিক বোঝাপড়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




