ইদানিং পোড়া গন্ধে হার মেনেছে ম্যানহোলের কটু গন্ধ। বড় বেশী পোড়াপুড়ি। ঘর পোড়ে, মন পোড়ে, সেলাই কন্যার নিতম্ব দোলানো সুখও পুড়ে যায়। তুষের আগুনে পুড়ে শাষক আর শাষিতের মাঝখানে নির্বাক সমাজ বিজ্ঞান। ক্ষোভে আর বিক্ষোভে রাজপথ পোড়ে। কাল সাপের নিরাপদ ঝাঁপিতে কে যেন লাগিয়ে দিয়েছে আগুন ! জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো....
পোড়ে আত্মা-পোড়ে স্বত্তা; পুড়ে সৃষ্টি, পুড়ে কৃষ্টি। পোড়ে নগরে নাগরিক। সকাল পুড়ে, দুপুর পুড়ে, সন্ধ্যা পুড়ে। চায়ের কাপে পুড়ে যায় হলুদ বিকেল । সব সবুজ পুড়ে চারখার করে ইটের ভাটায় গোপন চিমনি।
রাত পুড়ে গৃহত্যাগী জোৎস্নায় ! ঘুম পুড়ে ঝিঁঝিঁর মায়া ডাকে। স্মৃতি পুড়ে ডাইরীর স্যাঁতস্যঁতে ভাঁজে।
আমিও পুড়ি। নিরন্তর পুড়ি। দু'আঙ্গুলে নিকোটিন দন্ডে পোড়ে নষ্ট সময়।এক জোড়া শীতল চোখে স্বপ্ন পোড়ার দীর্ঘ কবিতা। অতঃপর মন পবনের নৌকা পুড়িয়ে দুর সাগরে স্বপ্নভস্ম ভাসাই।
(এখন মুক্তগদ্যের যুগ। তাই লিখার চেষ্ঠা। এটি জীবনের প্রথম মুক্ত গদ্যা। কেউ মাইন্ড করলে আমার দোষ নাই)
(উৎসর্গ: প্রিয় ব্লগার স্বদেশ হাসনাইন যার ব্লগে কমেন্ট করতে গিয়ে লিখা এবং রেজোওয়ান মাহবুব তানিম যিনি মুক্তগদ্যের ভীষন ভক্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

