আমি মানুষ নই ! এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আয়নায় দাঁড়ালে প্রতিবিম্বে আমি দেখতে পাই আর সবার মত আমার দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা সর্বভূক উদর, একটা নাক ও একটা বাকপটু মুখ আছে- পুরোপুরি ষোল আনা মানুষের অবয়ব। তবুও আমি নিজেকে মানুষ ভাবতে পারিনা। কিছু জিনিসের চরম অভাব আমার মধ্যে। সেটা কি? আমার মাথার তালু থেকে উধাও হয়ে যাওয়া মসৃণ ঘন চুল না অন্য কিছু.......?
বিরক্তিকর বুক ধড়ফড় করা শব্দে আর্তনাদ করতে করতে ছুটে চলছে সাদা রংয়ের এ্যাম্বুলেন্স।ভিতরে শুয়ে আছি আমি। মাথায় প্রচন্ড যন্ত্রনা। খুলি ফেটে বের হয়ে আসতে চাইছে মগজ। বৃক্কের কোমল প্রকোষ্ঠে সুতীব্র ব্যাথায় তলপেট খিঁচিয়ে বিবমিষা আমাকে থেমে থেমে ঝাঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু কয়েকবার উগরে দেওয়ায় আমার ভিতরের শেষ জলবিন্দু টুকু আর অবশিষ্ট নেই। আমার শিরা উপশিরায় শুধু নিস্তরংগ জীবনের খাবি খাওয়া। নিস্তেজ শরীর বেয়ে ঘামের নহর। বহুদিন পরে কাল রাতে রোগ শয্যায় শুয়ে আমি আমার বাবা কে দেখেছি। তবে কি বাবার কাছে যাওয়ার সময় এসে পড়েছ ! নিস্তেজ আমার ভেতরে যেন চলছে আসন্ন বিদায়ের নীরব প্রস্তুতি। চারপাশে স্বজনের উদ্বিগ্ন মুখ। প্রিয়তম স্ত্রী, ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষপুত্র সকলে আছে। স্বজনের অমঙ্গল আশংকায় চোখ ছল ছল। এই মানুষগুলির সাথে আমার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দায় দায়িত্বের সম্পর্ক। ওরা তো কাঁদবেই। ওরা না কাঁদলে কাঁদবে কে?
পথিমধ্যে কিছু মানুষ বিরক্তিকর শব্দ তোলা, মনে ভীতি জাগানিয়া, উগরে দেওয়া বমি, পুঁজ, রক্তের নিত্য পুতি গন্ধময় গাড়িতে উঠে পড়ল। ওদের চোখে মুখে ত্রস্ত উদ্বিগ্নতা !কিন্তু এরা কারা? এদের সাথে তো আমার কোন রক্তের সম্পর্ক নেই, লেনা-দেনা নেই!
"মানুষ দ্বিজ" ---বিদগ্ধ প্রাবন্ধিক কাজী মোতাহার হোসেনের এই উক্তিটি যা বুঝাতে চায় তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। মানুষ দুবার জন্মগ্রহন করে। একবার সে হাত-পা-চোখ-মুখের নিপূন বিন্যাসে মানুষের অবয়ব নিয়ে মায়ের পেট থেকে জন্মায় তারপর তাকে মানুষের বৈশিষ্ট্য তথা মনুষ্যত্ব নিজের মধ্যে বপন করে সেটাকে ফুলে ফলে সুশোভিত করে দ্বিতীয়বার জন্মাতে হয়। যার রূপ শিক্ষা, দয়া, মায়া, প্রেম, স্বপ্ন, নিঃস্বার্থ মানবিকতা। যার মর্মবাণী মানুষ মানুষের জন্য। এই দ্বিতীয় জন্ম যে নিতে পেরেছে সেইতো সত্যিকার মানুষ।
স্বার্থের অনলে ঝলসে যাওয়া এই সময়ের বাঁকে দাঁড়িয়ে শুধু দৈহিক খোলস নয় পুনশ্চ জন্ম নিতে পেরেছে এমন মানুষের সংখ্যা কি সুলভ না দূর্লভ তা বিতর্কের বিষয়। আমি সে বিতর্কে যাবনা। আমি আমার কথা বলব। ঐ যে সূচনায় বলেছি আমি নিশ্চিত আমি মানুষ নই। এর কারণ স্বার্থান্ধ পৃথিবীতে আমি দ্বিতীয় জন্ম নিতে পারিনি। অমানুষ হয়ে উঠার নৈপথ্যে এটাই বড় কারণ। আমি কোনদিন নিজের চেনা জানা গন্ডির মানুষ ছাড়া অন্য কারো বিপদে, রোগ শয্যায় সান্তনা আর সহানুভূতির বাণী নিয়ে ছুটে যাইনি। কিংবা ছুটে যেতে পারিনি। এটাও সত্য আশে পাশের কোন মানুষকেও আমি সত্যকারের মানুষ রূপে দেখিনি। আমার বিশ্বাস ছিল সবাই আমার মত মানুষের মুখোশ পরা চলমান রোবটিক আত্মা। তাই দ্বিজন্মের অধিকারী মানুষের অস্তিত্বে বিশ্বাস করলেও সেটা আমার বিশ্বাসে দূর্লভই ছিল.....
হাসপাতালের ইমার্জেন্সীতে ষ্টেচারে শুয়ে আছি আমি। বৃক্কের ব্যাথা, মস্তিসকের উনুন এতটুকু শান্ত হয়নি। স্যালাইনের ফোটা ফোটা ঔষধ আমার শিরা উপশিরায় নতুন জীবনের স্পন্দন দিচ্ছে। আমি ঘুম ঘুম চোখ মেলে তাকালাম। আমার বোধ শক্তি কাজ করছে। ষ্টেচারের চারপাশে অনেক অচেনা মুখ। সেই পথিমধ্যে যারা গাড়ীতে উঠেছিল তারা এবং আরো কতক নতুন মুখ।বুঝতে পারছি আমাকে নিয়ে সবাই উদ্বিগ্ন। কেউ আমার হাত ধরে আছে পরম মমতায়। কেউ আমাকে সাহস দিচ্ছে। কেউ ডাক্তারের সাথে কথা বলছে আমাকে বাঁচাতে হবে। আমার শরীরে শক্তির প্রয়োজন। চামুচে করে স্যুপ খাইয়ে দিতে পারলে ভাল হয়। হাসপাতেলের ক্যান্টিনে এই মুহুর্তে স্যুপ নাই। আমাকে ঘিরে থাকা মানুষগুলোর মাঝ থেকে কেউ একজন রাতদুপুরে ছুটে গেলো দোকানে স্যুপের সন্ধানে। কিন্তু এরা কারা। এদের কারো সাথেই তো আমার কোন আত্মীয়তা নেই। এরা কেন আমার জন্য এত কিছু করছে !!!
কত ঘন্টা কেটে গেছে আমি জানিনা। বৃক্কের ব্যাথাটা অবিকল থাকলেও মস্তিস্কের উনুনে কিছুটা ভাটা পড়েছে। আমি কথা বলতে পারছি। আমি বেঁচে আছি। বেঁচে থাকার আনন্দ ঠিক মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ ছাড়া অন্য কাউকে বুঝানো যাবেনা। আমার চারপাশে মানুষগুলো তখনো দাঁড়িয়ে আছে ক্লান্তিহীন ভালবাসার মুখরতায়। এরা ব্লগার। এরা সামুর ব্লগার। এদের সাথে আমি একসাথে লিখি। বাস এটুকুই। আমার সমস্ত বিশ্বাস কে ভেঙেচুরে এরা এই সামান্য পরিচয় কে বিশাল করে তুলেছে। আমার স্ত্রী, আর বোনের চোখে কৃতজ্ঞতা ভরা উচ্ছ্বাস আর সাহস। আমি চোখ মেলে তাকাই প্রিয় ব্লগারদের চোখে। এত ভালবাসা এর আগে আমি কোনদিন দেখিনি। ঘুমের ঔষধের তীব্রতায় আমার ঘুম না আসলেও তন্দ্রা আসে। তীব্র ব্যাথায় কিছুক্ষন পর পর আমার তন্দ্রা ছুটে গেলে আমি চোখ মেলে দেখি তখনো কোন না কোন ব্লগার ভালবাসার ঢালি নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এর মাঝে আমার স্ত্রী এসে জানান দিচ্ছে দেশ বিদেশ থেকে ফোনে আমার খবর নিচ্ছে ব্লগারেরা। আমার চোখ বেয়ে জলধারা নেমে আসতে চায়। কিন্তু আমি সংবরণ করি। এমন আনন্দের দিনে কাঁদতে নেই......
[ দ্বিজন্মের অধিকারী সত্যকারের মানুষগুলো এখন আর আমার কাছে দূর্লভ নয়। আমাদের আশেপাশেই অসংখ্য মুখোশের সমান্তরালে মানুষের মহিমা সমুন্নত করে অসংখ্য মানুষও আছে স্বগৌরবে......
আসল মানুষের রূপ আমি দেখিয়াছি। আজি হতে মানুষের জয়গান গেয়ে মানুষের জন্য আমার যত বন্দনা। সামুর সকল ব্লগারের প্রতি আমার কৃতজ্ঞতা। সকলের দোয়ায় মহান আল্লাহ পাকের রহমতে কিছুটা সুস্থ হয়ে উঠেছি এবং খুব শীঘ্রই পুরো সুস্থ হয়ে উঠবো এটা আমার বিশ্বাস। ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

