কি অদ্ভুত ,
মধ্যম আয়ের দেশ
তবুও আমি চিৎ হয়ে শুয়ে থাকি
কারওয়ান বাজারের ফুটপাথে,
আকাশ দেখি আর ডেঙ্গির গান শুনি
আকাশ দেখার সাধ
কোনদিন মিটবেনা বুঝি হায় !
জানিনা কি প্রহসন লুকিয়ে আছে
ঐ দুর ছায়াপথে ?
বিলবোর্ডে?
পাশ দিয়ে হেঁটে যায় নিশি কন্যা
রাত প্রহরীর হুইসেলে ঘৃণা
-দুর হ' ছিনাল, বেশ্যা মাগী
- যত সব বদ অভ্যাস !
অথচ ঠোঁটে লালসা জাবর কাটে-
জানিনা ক্ষুধার প্রতিশব্দ বদ অভ্যাস কোন অভিধানে !
কোন ছলনায় ঘরের মেয়েরা
বদ অভ্যাসে বেশ্যা হয়ে যায়?
শুনেছি কারা যেন শুয়ে আছে প্রেসক্লাবের সন্মুখ রাস্তায়-
হাসি পায়-
তারাও কি আমার মত মুত্র গন্ধ বিলাসী?
লোকে বলে ওরা স্কুল মাষ্টার
আমরণ অনশনে,
ক্ষুধা ও ঘামের দাম নিয়ে রাজার সাথে হয়নি বনিবনা-
তেড়ে আসা অজগর ছোট লোকের
সব অধিকার খেয়েছে গিলে !
আমার হাসি পায়
ওরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়?
মুত ও বারুদের গন্ধে আমি ঘুমিয়ে পড়ি,
পুরো শহর ঘুমায়-
ধমনিতে আপোষের বিষ আয়োজন
সবুজ পল্লবীর দামে কিনে নেয় বারমাসি শীত;
অাঁধারের ভরা যৌবনে
ক্ষোভ আর অভিমানে শুধু ভাঙে কাঁচঘর।
প্রেসের শ্রমিকেরা জেগে থাকে রাতের প্রহর
রক্তাক্ত খবরের প্রথম পাঠের নেশায়।
আর জেগে থাকে কতগুলো বুভুক্ষ কুকুর
সারাক্ষণ ঘেউ ঘেউ করে ডাকে।
সমস্ত শহর-
সমস্ত দেশ-
জেনেছি এসব কুকুরের একচ্ছত্র ভোগ দখলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




