মনে করেন, আমি কিছু সাহিত্য রচনা করলাম যা কিনা বোদ্ধা-মহলে ব্যাপক সাড়া ফেলে দিলো কিন্তু ঐ একই সাহিত্য আমজনতা প'ড়ে ডেন্টিস্টের কাছে দৌড়ায় - তাহলে সাহিত্য কইরা লাভ কী? কথায় কথায় আমরা বলি - সবার জন্য স্বাস্থ্য । সবার জন্য সাহিত্য কেন নয়। যাইহোক, তো এই সাহিত্যকে সবার কাছে মানে আমজনতার কাছে পৌঁছানোর ব্যবস্থাটা যিনি করে গেলেন অনেকাংশেই ,তাঁর নাম হুমায়ুন আহমেদ। সিরিয়াস সাহিত্যিকগণ অবশ্য তাঁকে 'সাহিত্যিক' আখ্যা দিতে নারাজ। প্রায়ই তাঁকে অপন্যাসিক বইলা গালি দেওয়া হয়। কারণ তিনি সহজ ভাবে লিখে গেছেন, ব'লে গেছেন ; সাহিত্যে অনর্থক দূর্বোধ্যতা সৃষ্টি ক'রে পাঠকের কোষ্ঠকাঠিন্য বাঁধিয়ে দেন নাই।
হুমায়ুন আহমেদের ' যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ ' উপন্যাসটা যারা পড়েছেন, তারা দেখেছেন, পাঠকের জন্য কতটা স্পেস রাখা হয়েছে এ উপন্যাসে। ডিলিউশন আর ইল্যুশনের খেলাটা জমে উঠলেই সাধারণত মিসির আলি সাহেব আইসা সমস্যার সমাধান দেন। কিন্তু এই উপন্যাসে তা হয় নাই। সূক্ষ উইট, মেটাফরিক রিডল এবং ফ্ল্যাশব্যাকের জটিল অন্তর্বয়নে কিন্তু সহজবোধ্য ভাষায় এক অসাধারণ উপন্যাস রচনা করেছেন তিনি। এটি কি বিশ্বমানের সাহিত্য নয় !! আরো আছে। আমরা সেগুলোর কথা জানি তাই নাম উল্লেখ ক'রে লেখাটির শরীর বাড়াতে চাই না।
তবে সাহিত্য কিন্তু সাহিত্যই। বোদ্ধাদের জন্য হোক চাই সকলের জন্য হোক - সাহিত্য হতে গেলে তাতে শিল্পগুণ তো থাকতেই হবে। কাকেরঠ্যাং বকেরঠ্যাং লিখলেই তো আর সাহিত্য হয় না। হুমায়ুনের ব্যর্থতা এই যে - তাঁর রচনার বেশিরভাগই ওই কাকেরঠ্যাং বকেরঠ্যাং। তবে এর জন্য এককভাবে তাঁকে দায়ী করতে আমি নারাজ। এর পেছনে রয়েছে প্রকাশকদের বাণিজ্যিক চিন্তা, বিপুল পরিমাণ পাঠকের সস্তা চাহিদা আর ব্যক্তিগত অর্থনীতি । খারাপ লাগে যখন ভাবি এই মহাপ্রতিভাবান লেখক সস্তা জনপ্রিয়তার কাছে নতি স্বীকার করেছিলেন। তবুও তিনি বাংলা নাটক, উপন্যাস, চলচ্চিত্র, ছোটগল্প, সায়েন্স ফিকশনে যে ভিন্নমাত্রা যোগ ক'রে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন এ-ই অনেক। তবে এই ' অনেক 'টা অঢেল হতে পারতো। এটা আফসোস...
তাঁর আত্মার শান্তি কামনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


