প্রেম করে বিয়ে করার অপরাধে এক নবদম্পতিকে ২৫টি বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ার কাকলদি গ্রামে এ ঘটনা ঘটে ।
সোমবার রাতে কাকলদি গ্রামে ইউপি চেয়ারম্যান আল রাজীর বাড়িতে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত দেয়া হয়। এ ঘটনায় বর রিপন শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করলে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজী ও চৌকিদার সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার একটি আদালতের মাধ্যমে বিয়ে করেন কাকলদি গ্রামের নবু শেখের ছেলে রিপন ও একই গ্রামের আবু হোসেনের মেয়ে নার্গিস আক্তার। কিন্তু, প্রেমের বিয়ে হওয়ার কারণে সমাজের মানুষ তাদের মেনে নেয়নি। ফলে গ্রাম সালিশি বৈঠকের মধ্যদিয়ে তাদেরকে ২৫টি বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশের রায় ঘোষণা করা হয়।
এদিকে, ২৫টি বেত্রাঘাতে নার্গিস অসুস্থ হয়ে পড়লে তাকে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে তার হবু স্বামী রিপন শেখ বাদী হয়ে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজীসহ স্থানীয় ৯ মাতব্বরকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক(এসআই) মো.হানিফ জানান,সালিশি বৈঠকে বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়ায় রিপন বাদী হয়ে মামলা করায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মধ্যপাড়ার কাকলদি গ্রাম থেকে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজী ও চৌকিদার সুলতানকে গ্রেফতার করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



