তুমি চলে যাবার পর
একটা কবিতার বই কিনেছিলাম
রুদ্রের বই।
প্রতিটি কবিতায়, তোমাকে খুঁজি
কি নেই কবিতার বইয়ে?
কত অবলীলায়, কতটা সহজিয় নিয়মে
সেখানে ফোটে নতুন সমীকরণ
অঙ্কুরিত হয়েছে ফসলের মাঠের কৃষাণ
কৃষাণীর আঙুল ছুয়ে উপচে পড়া
ধবধবে সাদা দুধের মায়া।
আকাশের বিশালতার আড়ালে
একা হয়ে জন্মানোর বিষন্নতা
নিরবতা, মিয়োসিসের অক্ষমতা
দূরত্বের হাহাকারের চিৎকার
এতসবের মাঝে।
শুধু তুমি নেই সেখানে।
তুমি চলে যাবার পর
একবার আমি রমনা পার্কে গিয়েছিলাম
একা বসেছিলাম সমস্ত বিকেল জুড়ে
কাকগুলো উড়ছে আকাশে
এক টুকুরো মাংস নিয়ে যুদ্ধ চলে।
সমস্ত বিকেল জুড়ে বসেছিলাম
বেঞ্চের হেলানো তলের সহস্র স্পর্শ
কান্না, যন্ত্রণা,নিগূঢ় চুম্বন
আমাকে জানায় আহবান।
কাকগুলো এই ডাল ঐ ডাল উড়ে
চিৎকার করে কা কা রব তুলে
আমার হৃদয়ের কান্না মিশে
কি ভীষন আর্তনাদ সারা পার্ক জুড়ে।
এত কোলাহল, এত ভীড়
এত আকাশ, এত সুগন্ধির ঝাঁজ
এত না বলা কথা, এত মানুষের ঝাক
তবুও একা পার্ক জুড়ে আমি আর কাক।
তুমি চলে যাবার পর
আরো কিছুকাল
আরো কিছু পাখি নীড় ছেড়ে পালিয়েছে
আরো কিছু নদী সমুদ্রের খুঁজে বেরিয়েছে
আরো কিছু আকাশ রঙ বদলিয়েছে
আরো কিছু শব্দ ছুটে চলে অন্তমিলের খুঁজে।
এক আমি।
একাকি পড়ে থাকি।
মাকড়সার সাথে বন্ধুত্ব গড়ি
জাল বুনি, জাল ছিঁড়ি
অনন্ত জাল বুনার পথ খুঁজি।
তুমি নেই,
অবলীলায় সেই জালে আমিই অাটকে থাকি।
আটকে থাকে তোমার আমার স্মৃতি।
হীরাঝিল
২০২০/২/১৪
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


