দুই বছর ধরে ধর্ষণ করার অভিযোগে ১৩ বছর বয়সী এক মেয়ের বাবা, ভাই ও চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের কেরালা রাজ্যের কানপুর জেলায় এ ঘটনা ঘটেছে।
তবে বেদনাদায়ক এ ঘটনা মাত্র দুদিন আগে জানাজানি হয়। অষ্টম শ্রেণিপড়ুয়া ওই মেয়ে এদিন স্কুলে গিয়ে কাঁদছিল। এমনকি স্কুল ছুটি হওয়ার পরও সে বাড়িতে যেতে অনাগ্রহ প্রকাশ করে।
দু:খ-যন্ত্রণায় মুখ কালো হয়ে থাকা মেয়েটির কাছে এগিয়ে আসে এক শিক্ষক এবং কারণ জিজ্ঞাসা করে। মেয়েটি কাঁদতে কাঁদতে তার কষ্টের কথা খুলে বলে। স্কুল কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে বিষয়টি জানায় এবং লিখিত অভিযোগ দায়ের করে।
এরপর পুলিশ মেয়েটির বাবা, ১৫ বছর বয়সী বড় ভাই ও কাকাকে গ্রেপ্তার করে। মেয়ের ভাইকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে। আর বাবা ও চাচাকে আদালতে নেয়া হয়। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করে, সে যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত তখন থেকেই যৌন হয়রানির শিকার হচ্ছে।
পুলিশ পরিদর্শক বিনোদ কুমার বলেন, ভুক্তভোগী মেয়েটি জানিয়েছে তার বোনও ধর্ষণের শিকার হয়েছিল। যন্ত্রণা সইতে না পেরে দুই বছর আগে সে আত্মহত্যা করেছিল।
মানবাধিকার সংগঠন কেরাল ভানিথা কমিশনের চেয়ারপারসন কে রোসাকুটি পিটিআইকে বলেন, এ ঘটনা কেরালার ঐতিহ্যের ওপর বড় ধরনের ‘আঘাত’।
তিনি জানান, ভুক্তভোগীর বড় বোনের আত্মহত্যার ঘটনার পুনঃতদন্ত দাবি করে কমিশন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখবে। মেয়েটিকে এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি পরিচালিত একটি বাসভবনে রাখা হয়েছে।
রোসাকুটি আরও বলেন, এ ঘটনাকে কেউ যাতে প্রভাবিত না করতে পারে সে ব্যাপারেও কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নারী সংগঠন ‘অন্বেষী’র প্রেসিডেন্ট কে আজিথা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অতি দ্রুত রাজ্যে ধর্ষণের শিকারদের জন্য আলাদা ক্লিনিক চালু করতে হবে। সূত্র: বিবার্তা টোয়েন্টিফোর ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



