আজকে বসেছি কম্পিউটারের জঞ্জাল নিয়ে। পাঁচ বছর আগে এই কম্পিউটারটা কেনা হয় খুব প্রয়োজনে, বাসার পাঁচ জনই ব্যবহার করতো এই কম্পিউটার। এখন বাসায় পাঁচ জন মানুষের জন্য চারটা কম্পিউটার। যে যার ফাইল নিয়ে মানে মানে সরে পড়েছে। আমি পড়ে আছি পুরানো কম্পিউটার নিয়ে। একশ গিগাবাইট মেমরিওয়ালা কম্পিউটার দেখি কয়েকদিন পর পর বলে, 'লো ডিস্ক স্পেইস'। আজকে বিরক্ত হয়ে জঞ্জাল পরিষ্কারে নামলাম। এক এক করে পাঁচ বছরের পুরানো সব ফাইল ডিলিট করলাম। 'এন্টারটেইনমেন্ট' নামে গান আর ছবির জন্য আমার একটা আলাদা ড্রাইভ আছে। কম্পিউটারের উপর চাপ কমানোর জন্য আমি সাধারনত সিডি থেকে কম্পিউটারে গান নামাই না। শুনতে হলে সিডিই শুনি। আজকে ওই ফোল্ডার খুলেই চক্ষু চড়ক গাছ।
দুই হাজার দশটা গান।

সিডির গানগুলো ছাড়াই এই অবস্থা? মাথায় হাত দিয়ে বসে রইলাম।
তার ওপর ভয়াবহ অগোছালো... যে যেই গানই দেয় সেটা নিয়ে সোজা চালান দেই একই ফোল্ডারে। এক একটা গান খুঁজতে গেলে কখনও খুঁজে পাই না তাই।
আজ ভাবলাম সব গুছাই।
তখনই চোখে পড়লো গানটা--
এই শ্রাবনে নয়, অন্য আগামী শ্রাবনে
বৃষ্টি ছুঁয়ে
হয়তো তুমি আসবে।
এই প্লাবনে নয়, অন্য আগামী প্লাবনে
বৃষ্টি ছুঁয়ে
হয়তো তুমি আসবে।
নতুন করে আবার ভালোবাসবে...
কত বসন্ত দিন,
সঙ্গীবিহীন কেটেছে আমার একা
ভেবেছি আমি মনে মনে
এইতো হবে হবে দেখা
আমায় দেখে চোখের জলে ভাসবে...
নতুন করে আবার ভালোবাসবে...
কত, কতগুলো দিন আগে জিমেইল থেকে নামিয়ে শুনেছিলাম সারাটা দিন, কয়েক দিন। গানটার আকুতি তখন মনে যেমন দোলা দিয়েছিল, আজকে আবার দিল। স্মৃতিগুলো অর্বাচীন অনুভূতির দুয়ারদের খুলে দিয়ে গেল, আমাকে ভীষণ ক্লান্ত করে...
গানটা হয়তো অতো আহামরি ভালো না, কে গেয়েছে আমি সেটাও জানি না। কিন্তু তবু ভালো লেগেছিল। ভালো লাগাটা শেয়ার করলাম, আপনাদের সাথে।
গানটা নামিয়ে নিন এখান থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


