যখন গ্রামে থাকতাম, তখন ভাবতাম... রেল লাইনটা ধরে একদিন দূরের ঐ শহরে যাবো... ভাইয়া যার কথা গানে গানে বলে..., কাজের ফাঁকে ফাঁকে ভাইয়্যা প্রায়ই তখন একটা গান গাইতো, আমি অদ্ভুত আগ্রহ নিয়ে সেই গানটা শুনতাম...
'সাত সাগর আর তেরো নদির পাড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে... দেখে এলাম তারে সাত সাগরের পাড়ে..."
একটু বড় হলাম, চলে এলাম ঢাকায়। চারদেয়ালে বন্দি জীবন এলো, স্কুল ছুটির পর পেয়ারা গাছে উঠে পেয়ারা খেতে খেতে ভাবতাম... পড়ালেখা করে কি হয়? মানুষ যুদ্ধে যায়? স্যাররা তখন প্রায়ই ইরাক/কুয়েত যুদ্ধের কথা বলতেন।
আরো একটু বড় হলাম... নির্ঝরের সাথে পরিচয় হবার পর ও একদিন জিজ্ঞেস করলো জীবনে কি হতে চাই? একজন মানুষকে জীবনে কি হলে বাকি মানুষ খুশি হয় সেটা নিয়ে আমার কোনো ধারনা ছিলোনা। বলতাম- জানিনা। তারও কিছু বছর পর যখন মিস বললো- তুমি বড় হয়ে কি হবা? আমার উত্তর ছিলো- জানিনা ম্যাম। সবাই খুব অবাক হয়ে তাকিয়েছিলো সেদিন, সেদিন কেউ হতে চেয়েছিলো, ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স... কেউ শিক্ষক।
একদিন বুঝতে পারলাম, জগতে মানুষকে আসলেই কিছু না কিছু একটা হতে হয়। ইন্টারে যখন বিরাট একটা প্রহসন নিয়ে পড়ালেখা শুরু করলাম, তখন বুঝতে পারলাম আসলেই মানুষকে কিছু একটা হবার স্বপ্ন দেখতে জানতে হয়।
আজ আবার সেই অনুভূতি হচ্ছে খুব- জীবনে কি হবো? ইঞ্জিনিয়ার? ইঞ্জিনয়ার হলে কি হয়? মানুষ সত্যিকার মানুষ হয়ে যায়?
জীবনে কি হবো জানিনা। তবে, আমার একটা ছোট স্বপ্ন আছে। খুবই সাদামাটা স্বপ্ন। একটা নিরিবিলি জায়গায় যৌথ পরিবারটাকে নিয়ে ঝামেলাহীন বসবাস করা... যেখানে সকালে উঠে সবুজ দেখতে পাওয়া যাবে, পাখির শব্দে ঘুম ভাঙ্গবে... ঘরের ভেতর কবুতরের বাচ্চার মত শব্দ করতে করতে ছোটরা ছুটোছুটি করবে...।
এর বাইরে অনেক অনেক স্বপ্ন আছে দুচোখ জুড়ে। সেসব বলতে পারবোনা। তবে, একদিন 'না-মানুষ' থেকে 'মানুষ' হবো... সেই স্বপ্ন দেখি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




