ছোটবেলায় কবিতা বা ছড়া পড়তে আমি ততোটা পছন্দ করতাম না । স্কুলে পড়া দিত, তাই একরকম জোড় করেই মুখস্ত করে ফেলতে হতো । নিজের আগ্রহে প্রথম কবিতা পড়ি নবম শ্রেণীতে পড়ার সময় । সুকান্তের কবিতা সমগ্র হতে তারঁ লেখা কবিতা ''আজিকার দিন কেটে যায় অনলস মধ্যাহ্ন রঙ্গিন...'' ই আমার জীবনে আগ্রহ নিয়ে পড়া প্রথম কবিতা । তারপর ধীরে ধীরে অবসরের সময়গুলোতে কবিতা আবৃতি করার বৃথা চেষ্টা করাটা একরকম অভ্যাস হয়ে গিয়েছিল । কলেজে ওঠার পর কবিতার প্রতি ভালো লাগাটা আরো প্রকট হলো । পাঠ্য বইয়ের সব কবিতাই ভালো লাগতে শুরু করলো । কবিদের এসব কবিতা লেখার পেছনের কারণগুলো অত্যন্ত আগ্রহ সহকারে অনুসন্ধান করার চেষ্টা করতে থাকলাম । বাংলা শিক্ষিকাদেরকে প্রশ্ন করে অনেক বিরক্ত করেছি । আমাদের বাংলা কবিতাগুলো খুব সুন্দর করে সুফিয়া ম্যাডাম পড়াতেন । তার বর্ণনা করার ধরণ ও আবৃতির কণ্ঠ শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে যেতাম । মনে হতো তিনিই যেনো এই কবিতাটি লিখেছেন তাই এত সুন্দর করে সব বলে দিচ্ছেন । কবিতার প্রতি তীব্র আগ্রহবোধ করার পেছনে ম্যাডামের ঐ মুগদ্ধতা মাখা কণ্ঠও অনেক বড় অবদান রেখেছে । তিনি আমাদের সবসময় বলতেন, ''শোন মেয়েরা, কবিতা পড়বে কবিতাকে ভালোবেসে । কবিতা অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয় । পরীক্ষায় নম্বর বেশি পাবার জন্য কবিতাকে মনোযোগ দিয়ে পড়ার দরকার হয় না । প্রশ্ন উওর পড়লেই চলে । '' ম্যাডামের এই কথাগুলো এখনো খুব মনে পড়ে । যাই হোক, আমি মনে হয় মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি ।
তো এভাবেই কবিতার প্রতি ভালো লাগাটা শুরু হয় । প্রিয় কবিদের নাম বলতে গেলে প্রথমেই সুকান্তের কথা বলতে হয় । কারণ সুকান্তের বিদ্রোহ দিয়েই আমার ভালোলাগা শুরু । এর পরে নজরুলের কবিতা ও আরো বেশি ভালো লাগতে শুরু করে । তারপর জীবনানন্দের প্রকৃতি প্রেম ভালো লাগে । ভালো লাগে রবীন্দ্রনাথের বিষন্নতার কবিতা পড়তে । বাঙ্গালী কবিদের মোটামুটি সবার কবিতাই পড়ার চেষ্টা করি, ভালো লাগে । প্রিয় কবিদের তালিকায় আরো আছেন রবার্ট ব্রুক, থমাস হার্ডি, উইলিয়াম ওয়ার্ডস, এমিলি ব্রোনেট, শেক্সপিয়ার সহ আরো অনেকে । রবার্ট ব্রুকের ''দ্যা ডেড''এবং উইলিয়ামের ''দ্যা ড্যাফোডিল'স'' আমার অসম্ভব প্রিয় দু'টা কবিতা । শেক্সপিয়ারের অনেক কবিতাই পড়েছি । সবই ভালো লাগে । সনেট সমগ্র সবগুলোই আছে । ইন্টানেট থেকে কবিতা সংগ্রহ করতে এবং সেগুলো জমিয়ে রাখতে এখন আমার খুব ভালো লাগে ।
কবিতা নিয়ে আরো অনেক কিছু লেখার ইচ্ছে ছিল কিন্তু আজ আমাদের 'শুভ্র' ভাইয়া যেভাবে একবসায় 40 টার উপর কবিতা কপি-পেস্ট করলেন, তাতে সব আগ্রহ হারিয়ে ফেলেছি । বিতৃষ্ণা এসে গেছে কবিতার প্রতি । যাই হোক, পরে না হয় ইচ্ছে হলে আরো কিছু লেখার চেষ্টা হয়তো করবো ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



