
আমায় নিয়ে চল না সেথায় !
যেথায় পালের নৌকো অজানায় ভেসে যায়
মাঝি ছেঁড়ে দিয়ে গলা ভাটিয়ালি গান গায়
এধারে ওধারে চিকচিক বালিচর -কাশবন দোলে
সবুজ শ্যামল রূপের বন্যা - ছেয়ে গেছে চারিধারে ,
সেথায় অবাক আকাশ চেয়ে থাকে নিশিদিন মাটির পানে !
ঘাসের বুকে ঘাস ফড়িং নড়ে
শিউলি ফুল টুকটুক ঝরে পড়ে ,
ঘন সবুজ ধান ক্ষেত দোলে অবিরল
হলুদ সরিষা ফুলের অবারিত হিল্লোল ।
বালিহাঁস দল বেঁধে নামে ঝিলের ধারে
লাল সাদা শাপলা ফুটে আছে ,কাজলা জলে ।
সেথায় আষাঢ়ে কদম ফুটে
বর্ষার টলমল জল ঝিকিমিকি করে
রাতের জ্যোৎস্না মায়া জাল ফেলে
জল তরঙ্গ খেলে ,এ ধরণী তলে !
হালকা কোয়াশার আবির নামে হেমন্ত ভোরে
নিঝুম রাতে শিশির পড়ে ঘাসের 'পরে
সবুজ পাতা ঢেকে যায় মায়াবী পরশে
ঊষাকালে ভাঙে ঘুম কোকিলের কুহূতানে ।
আঁকাবাঁকা মেটোপথ গাঁ খানি ছুঁয়ে আছে
রাখাল বাঁশি হাতে গরু নিয়ে ধায় সেই পথ ধরে
পথের দুধারে ঘাস ফুল অপলক চেয়ে থাকে ।
এই গাঁয়ের পথে ঘাটে ,স্মৃতি ঝরা বাটে
ফিরে ফিরে যায় মন ,মায়ের পরশ পেতে ;
মায়ের মত গাঁ খানিরে
রেখেছি আমার হৃদয়ের ভাঁজে !
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



