
একটা পাখি ,
কিচিরমিচির করতে থাকে দিবানিশি
শুনতে শুনতে ক্লান্ত আমি ?
না , না মিছে কথা কেমনে বলি !
পাখিটাকে ভীষণতর ভালবাসি
জানে না সে ,
তারে আমি বুকের ভেতর লেপ্টে রাখি
জানে না সে তার জন্য
কতখানি সুখে থাকি !
চারিধারে ইট পাথরের জঙ্গল দেখি
চোখে আমার সয় না মোটে
তবু থাকি এই শহরে
বুকে নিয়ে কোমল একটা গাঁয়ের ছবি।
আশপাশের সব কঠিন প্রাচীর
কর্কশ সব শব্দ ছড়ায়
মন খারাপ হয় !
যখন পাখির কূজন শুনি
রঙের পরাগ মন ছুঁয়ে যায় !
পাখিটাকে একটা গাছে বসতে দেখি
সুখ সুখ এক আবেশ জাগে
যখন কিছু সবুজ দেখি ,
মনটা কেমন হালকা লাগে !
মন তখন পাল তুলে দেয় আকাশ পানে
ভাললাগার নীল ডানাতে উড়তে থাকি !
পাখি ওরে , ওপারের স্বর্গ পাখি
তুই আমায় দিস নে ফাঁকি !
তোর জন্য ভাললাগার স্বর্গ জালে জড়িয়ে থাকি !
আমিতো সব পাখিদের চেয়েছিলাম
বন-অরণ্য চেয়েছিলাম
চেনা কিংবা অচেনা সব পাখি থাকবে
চেনা কিংবা অচেনা সব সুরে ডাকবে
আমি শুনে চমকে উঠবো !
আমি কেবল সুখে ভাসবো !
কিন্তু সবে ধন নীল মনি এই ,
আমার কেবল একটা পাখি
আমার অনেক চাওয়ার একটুখানি !
একটা নদী , মাছ ধরে খায় ধবল পাখি
পাল তোলা নাও , নদীর তীরে বালির হাসি !
এসব আমি চেয়েছিলাম !
গোধূলিতে সূর্য ডোবার নরম পরশ
সন্ধ্যা-সাঁজে মায়ার আঁধার নামবে ঝেঁকে
আচমকা এক চাঁদ ওঠবে ,আমায় ডেকে
আমি ভাসবো জোছনা বানে ,অচীনপানে ।
জোনাক উড়বে থেকে থেকে ;
নিগুঢ় কোন সুখালয়ে
মন আমার গভীর সুখে মগ্ন হবে ।
এমন আমি চেয়েছিলাম !
এখন কেবল স্বপ্নে দেখি !
এসব কেবল স্বপ্নে দেখি !
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



