ছোটবেলায় আব্বার সাথে বাজারে গিয়ে একবার হারিয়ে গেলাম। এই দোকান, ঐ দোকান খুঁজি, আব্বার মত কাউকে দেখলে কাছে যাই। কিন্তু আব্বাকে আর পাই না। হঠাৎ করে এক দোকানে পিছন সাইড দেখে মনে হইলো, আব্বা হয়ত। গলায় উৎকণ্ঠা নিয়ে ডাক দিলাম
- আব্বা!
লোকটা ফিরলো, দেখি আব্বা না। আমাকে দেখে বললো
- তোমার আব্বার নাম কী?
বললাম। ভদ্রলোক আমার হাত ধরে বললেন
- ও তুমি আউয়াল স্যারের ছেলে? এইখানে বসে থাকো, কোথাও যাবা না। আমি লোক পাঠাচ্ছি, তোমার আব্বারে খুঁজে আনতে।
আব্বার অপেক্ষায় বসে আছি। আর সে কি লজ্জা! আরেকজন'কে আব্বা ডেকে ফেল্লাম!
লজ্জায় এই কথা কাউকে কোনদিন বলি নাই। বড় হইলাম, বয়সে ছোটদেরকে আব্বা, বাপ এইসব ডাকতে আর লজ্জা লাগে না। ঐদিন এক কলিগের সাথে এক রেস্টুরেন্টে গেলাম। বয়'টাকে ডেকে বললাম
- ঐটা নিয়ে আয়'তো বাপ।
কতক্ষণ পর ভুলে গেলাম, অর্ডার দিয়েছি কি না। কলিগকে জিজ্ঞাসা করলাম
- আচ্ছা অর্ডার কি দিলাম?
ভদ্রলোক হাসি দিয়ে বললেন
- কারে না বাপ ডেকে দিতে বললেন!
এই কথা বলে হাসলেন। কতক্ষণ পর ছেলেটা অর্ডার নিয়ে আসলো। পরিষ্কার করা প্লেটটা টিস্যু দিয়ে আরেকবার পরিষ্কার করলো। তারপর আবার পাশে দাঁড়ায়ে আছে টিস্যু নিয়ে, আরো পরিষ্কার করতে হবে কি না। এবার আমি হাসি দিয়ে বললাম
- দেখলেন, বাপ ডাকলাম, বাপের কাজও কিন্তু সে করলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


