তোমার চোখ এত লাল কেন?
--- নির্মলেন্দু গুণ
আমি বলছিনা ভালবাসতেই হবে,
আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার
জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত । আমি বলছিনা ভালবাসতেই হবে,
আমি চাই
কেউ আমাকে খেতে দিক ।
আমি হাত পাখা নিয়ে কাউকে আমার
পাশে বসে থাকতে বলছিনা ।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা, আমার নুন
লাগবে কিনা,
পাট শাক ভাজার সঙ্গে আরো একটা
তেলে ভাজা শুকনা মরিচ লাগবে কিনা ।
এঁটে বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই
ধুতে পারি।
আমি বলছিনা ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের
দরজা খুলে দিক।
কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক ,
কেউ অন্তত: আমাকে জিজ্ঞেস করুক
"তোমার
চোখ এত লাল কেন ?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



