আমার চোখে তাকিয়ে অন্তর্যামী হতে চাইলে তুমি। তোমার নিষ্ফল প্রয়াস
দেখে হাসি পায় আমার। আমি হাসি। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।
তবু হাসতে থাকি নিষ্ফল প্রয়াসে তোমার বারংবার।
আমার চোখে তাকিয়ে তুমি বলে উঠলে আমারই দ্বিধাবিভক্ত মনের কথা।
গোপন দেরাজ খুলে বের করে নিলে আমার একান্ত গোপন বিষয়গুলি।
তোমার গভীর অন্তর্দৃষ্টি ঘুরে বেড়াতে থাকে আমার মনের প্রতিটি দেরাজ।
এক একটি দেরাজ খোল সশব্দে, আবার পরক্ষণেই তা বন্ধ কর প্রবল আক্রোশে।
আমার চোখে তাকিয়ে সংশয়বিষাক্ত হলে তুমি। সে সংশয়ের বিষ ছড়ালে
আমার মনে। আত্মদ্বৈরথে রক্তাক্ত তুমি আর তোমার মনের বিষে বিষাক্ত হলাম আমি।
আমার চোখে তাকিয়ে অন্তর্যামী হতে চাইলে তুমি। কিন্তু বুঝলে না, অযোনিসম্ভূতা নও
তুমি, নও অন্তর্যামী ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



