ইদানিং ভূপৃষ্ঠে এক অদ্ভূত প্রাণীর অস্তিত্ব দেখতে পাই
হিংস্র বাঘ সিংহের মতো ওদের দন্ত নখর নেই
কিন্তু ঝাঁপটে ধরতে পারে
ওরা আক্রমন করে নিরীহ মানুষের উপর
একে অন্যের উপর ও বটে
দক্ষ শিকারী বাঘের মতো ওঁৎ পাতে
তার পর তেড়ে এসে ঘাড় মটকায়
বুকটা ফেঁড়ে ছিঁড়ে খায় তাজা কলিজা
মানুষ খেকো এ আজব প্রাণী আগে দেখিনি ।
ওদের সাপের মতো বিষথলে কিংবা দ্ব্যাগ্র জিহ্বা নেই
তবু কারনে অকারনে ফোঁস করে - ছোবল দেয়
সহসা ঢেলে দেয় হিংসার বিষ
বিষক্রিয়া চলে যুগযুগ ধরে ।
পাগলাকুকুরের মতো বিষদাঁত নেই ওদের
তবু তেড়ে এসে কামড় দেয়
টার্গেট করে যেখানে ধরে ঠিক সেখানটায় এক টুকরো তুলে নেয়।
ওদের চামড়া পশমাবৃত বা কন্টকযুক্ত নয়
তবু নিয়তঃ দুর্গন্ধ ছড়ায়
মাথায় কোন শিং দেখিনি কারো
কিন্তু গুতো মারতে দেখি অহরহ
ওরা মানুষের মতো দ্বিপদী
হাটে চলে খায় - মানুষের চেয়ে ওরা সংখ্যায় বেশী
ওরা দেখতে ঠিক মানুষের মতো কিনা
ওদের ভীড়ে আসল মানুষ খুঁজে বের করা কষ্টকর হয়ে পড়ে
না আমি মানুষের কথা বলছি না -
তুমি যদি ওদের মানুষ বলো -
তাহলে
পশু বলবে কাকে ?
আমার কাছে এ আজব জন্তুর পরিচয়
আজো অজানা।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


