আমার চারদিকে আচ্ছন্ন এক অদৃশ্য পৃথিবী
কারো অনুপ্রবেশ নেই,কেউ জানেনা-সবার অজানা।
হয়তো আমারো অজানা ছিল,অথবা অবহেলিত
হঠাৎ করেই আবিষ্কৃত আর তাই আমিও বিষ্মিত।
এতোটা গাঢ়ভাবে নিজেকে নিয়ে ভাবিনি কখনো
ভাববার অলসতা আছে আমার তাতো জানিই
আর সেটাই হয়তো আমার অদ্বিতীয় কারণ
এবং তাই জীবনের এক্ষণে এসে তা জানলাম।
সবাই বলে আমি নাকি কিছুটা চাপা স্বভাবের
হয়তো তাই,অথবা সন্দেহাতীত সত্য কে জানে!
তাই মনে যখন আসে কোন আঘাতের প্রহর
বুকের পাজর ভাঙ্গার শব্দ শুধু আমিই শুনি।
দাবানলের ধোঁয়া যেমন বহু ক্রোশ দূর থেকে
কিছুটা আন্দাজ করা অথবা অস্পষ্ট দেখা যায়
হয়তোবা সেভাবে কিছু কষ্ট,কিছু অভিমান
বুঝতে পারে কেউ কেউ যারা কাছের জন।
স্পর্শ কাতর মন আমার ইউকেলিপ্টাসের মত
সহজেই ভেঙ্গে পরে ক্ষুদ্র থেকে বৃহৎ কারণে
অথচ তা মনে মনে অদৃশ্য প্রাচীরের আড়ালে
প্রতি মুহূর্তে,প্রতি প্রহরে,হয়তো সারাজীবনে।
নিজের কষ্টগুলো উপভোগ করি-মন্দ লাগেনা
আবেগের প্রহরে একাকি নিভৃতে নিজের পৃথিবীতে
কেটে যায় কিছু সময় একান্ত নিজের মত করে
সত্যের সাতকাহনের মত বলি-এইতো আমার আমি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



