ভুল বুঝবেন না। লাইনবাজ মানে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক যাকে অতীতে লাইন মারা জাতীয় শব্দ দিয়ে প্রকাশ করা হত এই লাইন সেই লাইন না। এই লাইন হল বাংলাদেশিদের আমৃত্যু লাইন ধরার খেরোখাতা। জন্মের আগে মা সন্তানসম্ভাবী কিনা তা পরীক্ষা করার জন্য ডাক্তারের চেম্বারে লাইন আই মিন সিরিয়াল দেন। এরপর জন্মের আগ পর্যন্ত ডাক্তারী পরামর্শের জন্য এই লাইন চলতেই থাকে। জন্মের পর শিশু কিছুদিন লাইনমুক্ত থাকে। স্কুলে যাওয়ার বয়স হওয়ার আগেই তাকে নিয়ে বাবা-মা লাইন দেন প্রধান শিক্ষকের ঘরের সামনে নিকট ভবিষ্যতে বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারবেন কিনা সেজন্য। পরের বছর শিশুর ভর্তি ফরম কেনার দীর্ঘ লাইব তো আরেক ইতিহাস। শিশুর স্কুলে ভর্তি পরীক্ষার দিন থেকে শুরু হয় আনুষ্ঠানিক লাইনে দাঁড়ান। পরীক্ষার হলে ঢোকার আগে শিশুদের ব্যাগ কাঁধে দীর্ঘ লাইন জানুয়ারি মাসে দৈনিক পত্রিকার একটি পরিচিত চিত্র। এরপর স্কুল জীবনে সকাল বেলা লাইনে যাওয়া এবং ছুটির পরে লাইন করে বের হওয়া তো নিত্য ঘটনায় পরিণত হয়। ফাইভ এবং এইটে লাইন দিয়ে বৃত্তি পরীক্ষা দেয়া এবং সবশেষে লাইন ধরে এসএসসি পরীক্ষার সেন্টারের সামনে দাঁড়ান দিয়েই লাইন শেষ হয় না, পরীক্ষার রেজাল্টের দিন আবারও লাইন দিয়ে স্কুলে যাওয়া।
স্কুল জীবনের লাইন তো কোন বিষয়ই না। শহরের নামী-দামী কলেজের ভর্তি ফরমের লাইন আরও ভয়াবহ। কলেজে ভর্তির জন্য মৌখিক পরীক্ষা দেয়ার লাইন আছে। কলেজে ভর্তি হয়ে লাইন ধরে স্যারের বাসায় যাওয়াও একটি স্বাভাবিক ঘটনা। সর্বদাই অলিখিত লাইনে দাঁড়াতে হয় ছাত্রদের। এই মাসে প্যাকেজ ভর্তি শেষ, সিরিয়াল রাখেন পরের প্যাকেজে ভর্তি হবেন। কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চিন্তায় নিমজ্জিত শিক্ষার্থীরা বুঝে লাইন কারে কয়, কত প্রকার ও কী কী। বুয়েট, মেডিকেল, ঢাকা, খুলনা, রাজশাহী, আর্মি, কুমিল্লা, রংপুর, মেরিন, লেদার, টেক্সটাইল থেকে শুরু করে নর্থসাউথ, ইস্টওয়েস্ট, ব্র্যাক,এআইইউবিতে ভর্তি ফরম কেনার দীর্ঘ লাইন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ফরম নেয়ার জন্য দিগন্তজোড়া লাইন, দেয়ার জন্য সেমি দিগন্তজোড়া লাইন, সবশেষে ভর্তি পরীক্ষার জন্য সেন্টারে ঢোকার লাইন। চান্স পেলে লাইনের জগতে আবারও স্বাগতম। লাইন দাঁড়ায়ে ভাইভা দাও, লাইনে দাঁড়ায়ে টাকা জমা দাও, লাইনে দাঁড়ায়ে আরেকদিন টাকা জমা দেয়ার রশিদ দেখাও ইত্যাদি।
এবার আসি দৈনন্দিন জীবনের লাইনের আলাপে। বাসে ওঠার জন্য টিকিট কাউন্টার থেকে শুরু করে মাইল দেড়েক লম্বা লাইন অবশেষে বাস আসলে লাইন ব্রেক করে বাসে গমন। আবার বাস থেকে নামার সময়ে লাইন। আগে নামুন, পরে উঠুন। এরপর ধরেন বিদ্যুৎ বিল জমা দেয়ার লাইন, পানির বিলের জন্য লাইন, গ্যাসের বিলের জন্য লাইন আর কত কী। টিএন্ডটি লাইন পাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সংস্কৃতি এখন ইতিহাস হয়ে গিয়েছে মোবাইল ফোনের বদৌলতে। তবে টেলিটক যখন সিম ছাড়ল তখন লাইনে দাঁড়ায়া হাত-পা ভাঙার ইতিহাস সবারই মনে আছে।
পাসপোর্টের জন্য লাইন এতই বড় যে দালাল না ধরলে লাইনে দাঁড়ায়ে প্রায় প্রাকৃতিক ক্রিয়াদি সাড়া লাগে। আর ভিসার জন্য লাইনে দাঁড়ান তো করুণ কাহিনী। এখন অসুস্থ হলে হাসপাতালে টিকিট কাটার লাইন তো কোন বিষয়ই না। মুমূর্ষু রোগী মরে গেলেও লাইন ফুরায় না। আবার ব্যাংকে টাকা তুলতে গেলেও লাইন। সরকারি অফিসে তো লাইন (অন্যভাবে নিয়েন না
সবশেষে আসি রোজার মাসে লাইনের কথায়। এ মাসে লাইন হয়ে যায় জীবনের অপরিহার্য অঙ্গ। ইফতার কেনার জন্য খাবারের দোকানে বিশাল লাইন, অফিসে যাওয়ার জন্য জ্যামে আটকিয়ে রাস্তায় গাড়ির লাইন (এটা অবশ্য সব মাসেই চলে), বাড়ি যাওয়ার জন্য বাস। ট্রেন, লঞ্চ সব জায়গাতেই টিকিট কেনার জন্য লাইন। রোজার পরে ঈদের দিন মানীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্যও লাইন। আহা কত মধুর আমাদের এই লাইনময় জীবন!!!!
এই লাইনে দাঁড়ায়ে ঘামে সিক্ত হয়েও আমরা শিক্ষা নিতে পারি নাই। আমাদের জীবনের বহু মূল্যবান সময় নষ্ট হয়েছে এই লাইনে লাইনে। আসেন, বাংলাদেশে লাইন বন্ধে আমরা লাইন ধরে বিবাহ বর্জন ও লাইন ধরে সন্তান উৎপাদন বন্ধে উদ্যোগী হই।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




