সুবেহসাদেক এর নিরব আলোয়
চোখ মেলেছিলো এক নিঝুম নদীর আহত একটি ঢেউ ;
ক্লান্ত মাঝির কালো বৈঠায় জলে আঘাতে যার জন্ম,
তার মরণ হয়তো আলতা মাখা শ্যামল বধূর
বৃদ্ধাঙ্গুলির ঘাটে।
যে ঘাট কখনই ভাঙেনা ভরা বর্ষাতেও, লোমশ পায়ের স্পর্শ ছাড়া।
আহত ঢেউ সব জানে;
যতই সহজ পুরোনো বাড়ির উঠোন ভাঙা,
ততই দুরূহ অপেক্ষায় গাঢ় আলতা রঙ
শত সাধনায় মলিন করা।
তবুও সে ঢেউ মাথা উচোয় একবুক জল নিয়ে,
এক জনম তার কেটে যায় এক সাঁতারে
পাললিক ঐ আলতা আঙুলে মূর্ছা যেতে।
-
-
আহা! ভাঙনের শব্দ ছাড়া ক’জন ঢেউ এর ভাগ্যে জোটে
এক শ্যামল বধূর গল্প শোনা;
করুণ স্বরে, যে বলছে ডেকে
”আইসো মাঝি! !
সারা রাইত যে ঘুমাই নাই”
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



