আজ ব্যালকনিতে ভোর এসেছে
তোর টুকিটাকি অজুহাত গুলো পেরুতেই কেটে গেল অগণিত সকাল ।
কুটুম পাখিটা দেবদারু গাছে বসে প্রতিদিন বলে “মন ভালো নেই” ।
বাতাসের ধুলো জমাট বেধে পাথর হয়েছে।
রাজ পথে যখনি জমেছে উসকো-খুসকো পাগলাটে রোদ,
পালিয়েছি তোর হাত ধরে দুপুরের নদী যেখানে বাষ্পীয় হয়,
মনে মনে রঙিন মেঘ ছুঁয়েছি কাচের চুরিতে !
তোর কাঁঠালি চাপার ঠোঁট
নাকের উচ্চতা, শিশুতোষ দুটি চোখ দেখে;
গতানুগতিক অজুহাত গুলোয় হেঁয়ালি করেছি।
আধুনিক বার্তাবাহকে বয়ে, হুট-হাট সংক্ষিপ্ত সম্বোধন;
উত্তরও দিয়েছি অনেক । আজ না হয় নিশ্চুপ রবো।
আজ ব্যালকনিতে ভোর এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




