আলা হযরত রহঃ এর অমর কবিতা
“ফেরিশতে জিস কে জায়ির হ্যায়” এর বাংলা কাব্যানুবাদ
“ফেরশতারা আকাশ হতে জিয়ারতে যায় মদিনার মাটি”
কাব্যানুবাদ- শাহ্জাহান মোহাম্মদ ইসমাঈল ২৬/০৮/১৪
১। ফেরশতারা আকাশ হতে জিয়ারতে যায় মদিনার মাটি,
আরশের চেয়েও দামী সে ভূমি, এতই খাঁটি মদিনার মাটি।।
২। হয় কি তুলনা, মদিনার ভূমির ধরার কোন কুঞ্জ সনে?
বেহেশতী বাগের কোমল হাওয়া ঈর্ষা করে মদিনার পবনে।।
৩। মদিনা যদি নিরাপদ থাকে, নিরাপদে থাকবে সকল ঠাঁই,
চিরজীবি হোক পূতঃ সে নগরী, মোদের তরে যথেষ্ঠ তা-ই।।
৪। মদিনা শহর এমনি বাগান, যেন রাণী সকল বাগান মাঝে,
বেহেশতী বাগিচার অতুল শোভা, শুধু মদিনারই কল্যাণে।।
৫। মদিনা ছেড়ে বেহেশতের বাগে ঘুরার কীবা মূল্য আছে?
জান্নাতের চেয়েও শ্রেয় মদিনা, জীবন্ত বেহেশত ধরণী মাঝে।।
৬। নয়তো শুধু আমরা একা, মহান প্রভূও তাঁর প্রেমে দিওয়ানা,
মদিনার প্রতি ভালবাসাই, আল্লাহ্কে ভালবাসার নিশানা।।
৭। ওগো প্রভূ! কেমন বসতি ঐ মদিনা, একটিবার দেখাওনা,
তব রহমতের ধারা বহে অবিরল, রহমত ভরা শহর মদিনা।।
৮। ত্যাগ করলে মদিনা, জান্নাতের খুশবুও পাওয়া যাবে না,
মদিনাকে ভালবাসলেই পাবে জান্নাতের টিকেটখানা।।
৯।জমীনে পরিচিতি মুহাম্মাদ, আকাশেতে আহমদ নামে,
দুই ভূবনেই সুখ্যাতি তাঁর, জমীন কিংবা আসমানে।।
১০। ধরণীতে চলে তাঁর রাজত্ব, আসমানবাসী তাঁর কথায় রাজী,
মদিনার রাজধানীতে বসে, দুই ভূবনে করেন হুকুম জারী।।
১১। বড় ভুল করেছ তুমি, কেন ছেড়ে এলে সোনার মদিনা?
সেটা ঐ জান্নাত, যার তরে আসমানবাসীরা করে কামনা।।
১২। জান্নাতে কেন যেতে চাও তুমি, মদিনা শহর ছেড়ে?
শুধু জান্নাতই নয়, সব নিয়মাত মদিনার সৌজন্যে মিলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




