আর মাত্র ৩/৪ ঘন্টা পরই জেগে উঠবে পুরো বাংলাদেশ,ঈদের আনন্দে। সাথে আমার সন্তানও। গিন্নী বোধহয় জেগেই। সবকিছু প্রস্তুত করছে। খুব ইচ্ছে করছে ফোন করে জেনে নিতে, কিন্তু পারছি না ঘুমন্ত রুমমেটদের কারনে। কারন সবাই ডিউটি করে এসে ঘুমাচ্ছে। এই সময় ডিষ্টার্ব করা আমারও মানায় না। কেউ কিছু বলবে না জেনেও,বিবেক সাড়া দেয় না।
আজ আমাদের ঈদ গেল। মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, এটা সবরই জানা। দিনে কয়েকবার ফোন করেছি,মনে তাগিদে। কথাও হলো সবার সাথে। কিন্তু একটা হাহাকার মনে। মাঝে মাঝে মনে হয় যৌবনের না বোঝা পাপের পরিনতি ভোগ করছি। আমাদের ধর্ম বলে আমরা কিয়ামতের দিন আমাদের সব কাজের পরিনতি ভোগ করবো। কিন্তু আমার কেন যেন বারবার মনে হয় কেয়ামত নয়, এই পৃথিবীতেই আমরা আমাদের কর্মফল পেয়ে যাই। বিভিন্ন রূপে,বিভিন্ন ভাবে। কেউ বুঝে,কেউ বুঝে না। তবে আমর মনে হয় আমি আমার কর্মফল ভোগ করছি।
একদিন সামর্থ ও শক্তি থাকা সত্বেও আব্বা-মার চাহিদাকে মূল্য দেই নি। আর আজ তা থাকা সত্বেও নিজের চাহিদা মেটাতে পারছি না। কি দূর্ভাগা আমি!!
আজ এই সময়ে রাত জেগে আমাকে ভাবতে হচ্ছে কেন এমন হলো?? সব কি আমার দোষ? যৌবন কেন তাহলে?? যৌবনের ধর্মই তো হলো প্রচলিত নিয়ম-রীতি ভাঙ্গা। তাহলে? কোন জবাব পাই না। আজ কেন আমাকে সেই নিয়মভাঙ্গার,সেই সবাইে তুচ্ছ ভাবার আইনে শাস্তি পেতে হচ্ছে? আসলে নিয়তির অমোঘ লংঘন ভাঙ্গা সম্ভব হয় না কারো পক্ষেই।
বসেছিলাম আমার সহপাঠী সবাইকে ঈদ শুভেচ্ছা জানাতে। কিন্তু এতটুকু লেখার পর মনে হলো ধান ভানতে শীবের গীত গাইছি আসলে। দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমি সত্যিই বসেছিলাম আপনাদের শুভেচ্ছার জন্য। কারন জনে জনে তো এটা দেয়া সম্ভব নয়,তাই এমন একটা প্লাটফর্ম দরকার যর মাধ্যমে সবাইে একসাথেই শুভেচ্ছা দেয়া যায়। এই ব্লগ ছাড়া আমি আর কিছু খুজে পেলাম না।।
অন্ততঃ আমি এবং আমার মত দূর্ভাগাদের পক্ষ থেকে আপনারা যারা ভাই-বোন,পিতা-মাতা, এবং সন্তানদের সাথে আজকের এই ঈদমুহুর্ত পালন করছেন তাদের জন্য রইলো এই শুভকামনা,জনম জনম যেন এভাবেই প্রতিটি আনন্দঘন মুহুর্তে যেন প্রিয়জনদের সাথে থাকতে পারেন। আমাদের প্রবাসীদের মত যেন দূর্ভাগা না হতে হয়।।
ঈদ মোবারক।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




