কোন রোগে কী দাওয়াই
কোন রোগের জন্য কোন ওষুধ খেতে হবে, তা আপনিও বলে দিতে পারেন। বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠান কোন কোন ওষুধ সরবরাহ করে, এই কৌতূহল মেটাতে পারেন ঘরে বসেই। ইন্টারনেটে একটি ওয়েবসাইটে বসেই পাওয়া যাবে রোগ আর পথ্যের সব আদ্যোপান্ত। আর ওয়েবসাইটটি তৈরি করেছেন পাঁচ ফার্মাসিস্ট বন্ধু। তাঁরা হলেন সায়হাম আহমেদ বীন হালিম, নাজমুল হাসান, আজহারুল ইসলাম, মেজবাউল গাফফার ও মাহবুবুর রহমান।
যেখানে পাওয়া যাবে রোগ আর ওষুধের প্রায় সব ধরনের তথ্য। সফটওয়্যার মেলায় প্রদর্শন করা হয় এই ওয়েবসাইট। ইতিমধ্যে প্রায় ৫০০ সদস্য হয়ে গেছে সাইটটির। জনপ্রিয়তা বাড়ছে প্রতিদিনই। সাইটটি সম্পর্কে সায়হাম বলেন, ‘আমরা চেয়েছি এই সাইটটা যাতে করে সত্যি সত্যি মানুষের কাজে লাগে। আর তাই আমরা এর ব্যাপ্তি বাড়াচ্ছি প্রতিদিন। এটি একটি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট।’
কোন ওষুধের নাম কী, সেটি কোন নিয়মে বানানো, কোন কোম্পানির ওষুধ—এসবই জানা যাবে এখানে। মেডিকেল ক্লাসিফিকেশনের মাধ্যমে ওষুধগুলোকে ভাগ করা আছে। এ ছাড়া আপনি যে ওষুধটি খাচ্ছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া কী, জানা যাবে এখানে। কোন ওষুধ খেলে কী বাদ রাখবেন, তা জানতে পারা যাবে এখানে। আর এগুলো জানতে হলে আপনাকে নিবন্ধন করতে হবে বিডিড্রাগস ডটকমে। নিবন্ধন একেবারে বিনা মূল্যে। সারা দেশে হাসপাতালের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর পাওয়া যাবে এখান থেকে। এ ছাড়া স্বাস্থ্য দিবসে এখানে পড়তে পারেন বিশেষ কোনো রোগ ও এর আদ্যোপান্ত। পাওয়া যাবে স্বাস্থ্যবিষয়ক চাকরির খোঁজখবর। কোন ওষুধ কোন বাজারে গেলে সহজে পেতে পারেন, তার একটি তালিকা অচিরেই প্রকাশ পাচ্ছে এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

