
কী হতো একসাথে ঘর বাঁধলে?
বাড়ত যন্ত্রণার উত্তাপ!
আমার অভাব তোমার স্বভাবে আঘাত করতো, তুমি সইতে পারতে না
কথার কাটাকাটি হতো।
'আবেগ' সকালের রোদ্দুরের মতো উড়ে যেত
তুমি ক্ষ্যাপা চোখে আমাকে পুড়িয়ে দিতে চাইতে।
কী হতো একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করলে?
দুটো দিন ঠোঁট চেপে অক্ষমতা সইতে,
তৃতীয় দিনে মুখের উঠোনে মন খারাপের জল ঢেলে নিজের ভাগ্যকে শাসাতে
আমি নিজেকে অপদার্থ ভাবতাম
তুমি নিজেকে হতভাগী মেয়ে ভেবে বসতে।
কী হতো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে?
বাসরের আমেজের বদলে আমার ভাঙা খাট দেখে তোমার কান্না পেত!
চোখ লুকোবার হাত পেতে না
কার মুখে কালি পড়ল! এ কথা আমি ভাববার আগেই,
তুমি বলতে ‘আমি আমার জীবনের অভিশাপ’।
হাতের ওপর ঘর উঠেনি। অভিশাপ তোমাকে নিতে হয়নি
তুমি এখন রাজরানী, দীর্ঘশ্বাস তোমায় ধাওয়া করেনি।
ভালো থাকার জন্যই শুধু নয়,
আজকাল সত্যিই ভালো আছ তুমি,
কেননা ভুল তো তুমি করোইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
