
ছোটবেলায় বড়রা প্রায়ই কিছু অংকের খেলা খেলতেন, এবং উত্তরগুলো নিজে থেকেই দিয়ে চমকে দিতেন সবাইকে। আজকে সেরকম কিছু ছোট ছোট খেলা শেখা যাক; আরও হাত পাকলে দ্বিঘাত, ত্রিঘাত...বহুঘাতের দিকে আগাব
ট্রিকস ১: জাদু
বাবু, ১০ এর নিচে যেকোন একটা সংখ্যা চিন্তা কর। করেছ?
সংখ্যাটাকে ২ দিয়ে গুণ কর।
গুণফলের সাথে ৬ যোগ কর।
যোগ করেছ? এবার যোগফলটাকে ২ দিয়ে ভাগ কর।
এবার এক কাজ কর। যে ভাগফলটা পেয়েছে, সেটা থেকে তোমার পছন্দের শুরুর সংখ্যাটা (১০ এর নিচে ছিল), সেটা বিয়োগ কর।
এব্রাকাডেব্রা: তোমার ফলাফল হচ্ছে ৩
ট্রিকস ২: মৌলিক সংখ্যার খেলা-১
যেকোন একটা সংখ্যা নাও তিন অংকের। ধর সংখ্যাটা হল ###
এটাকে গুণ কর প্রথমে ৭ দিয়ে, তারপর ১১ দিয়ে, তারপর ১৩ দিয়ে।
এব্রাকাডেব্রা: শুরুর সংখ্যাটা পরপর দুবার ফিরে এসেছে গুনফলে
মৌলিক সংখ্যার খেলা-২
এবার দুই অংকের একটা সংখ্যা নাও ##
## কে গুণ কর প্রথমে ৭ দিয়ে, তারপর ১৩ দিয়ে, তারপর ৩৭ দিয়ে।
এব্রাকাডেব্রা: শুরুর সংখ্যাটা পরপর তিনবার ফিরে এসেছে গুনফলে
ট্রিকস ৩: ৯৯ আসবেই
একটা সংখ্যা নাও দুই অংকের (শূণ্য ছাড়া)। %&
অংক দুইটার বিয়োগ ফল নাও। নিয়েছ?
এবার বিয়োগফলের সাথে %& যোগ কর।
এব্রাকাডেব্রা: ৯৯
ট্রিকস ৪: ল্যাজারাস ইফেক্ট
যেকোন একটা সংখ্যা নাও দুই অংকের #%
# আর % এর মাঝে বড় যেটা সেটা নাও।
বড়টাকে দুই দিয়ে গুণ কর।
করেছ? এবার গুণফলের সাথে ৫ যোগ কর।
হুমম! এবার যোগফলটাকে ভালয় ভালয় ৫ দিয়ে গুণ করে ফেল
সবই তো করা শেষ। এবাার এক কাজ কর দেখি বাবু, শেষ গুণফলটার সাথে ফেলে আসা অংকটা যোগ করে নাও (# অথবা %, যেটা ছোট ছিল)।
৫ দিয়ে দুইবার কারিকুরি করা হল, সেটাকে বাদ দেয়া উচিত, কি বল? ঠিক আছে শেষ যোগফলটা থেকে ৫x৫ মানে ২৫ বিয়োগ করে ফেল।
এব্রাকাডেব্রা: চেয়ে দেখ, তোমার শুরুর সংখ্যাটা আগের মতই ফিরে এসেছে
আজ এ পর্যন্তই। নটে গাছটি মুড়াল, অংকের দৌড় ফুরাল
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




