বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো একটি একক অণুর ছবি তুলতে সক্ষম হয়েছেন। এর আগে কার্বন ন্যানোটিউবের আউটলাইন প্রকাশ করা সম্ভব হলেও, এই প্রথমবার ছবিতে পরমাণুগুলোর পারষ্পরিক বন্ধন এর আলোকচিত্র দেখা সম্ভব হলো। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এতো নিবিড় ভাবে আণবিক গঠন জানার বিষয়টি নানা ভাবে গবেষণায় সাহায্য করবে বলেই বিজ্ঞানীরা বলেছেন। বিশেষ করে ইলেকট্রনিক্স এবং ওষুধের ক্ষেত্রে বিষয়টি প্রত্যক্ষভাবেই সহায়তা করবে।
উল্লেখ্য, আইবিএম গবেষকরা তাদের এই ফলাফল সায়েন্স জার্নালে প্রকাশ করেছেন।
সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, গবেষকদের এই দলটিই জুলাই মাসে পরিমাপের মাধ্যমে বের করে একটি একক অনুর চার্জ কতো হতে পারে। দুটি গবেষণাতেই আইবিএম জুরিখ টিম ব্যবহার করেছে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এএফএম।
এই গবেষণায় সুক্ষতম নিখুঁত হিসাব বের করতে হয়েছে। আশেপাশের স্ট্রে গ্যাস ইফেক্ট এবং সাধারণ তাপমাত্রায় অনুগুলোর কম্পন এড়ানোর জন্য প্রথমত অনুকে রাখা হয়েছে ভ্যাকুয়াম বা শুণ্য পরিবেশে এবং অসম্ভব শীতল তাপমাত্রায়।
যে সুক্ষ সুঁইয়ের মাথায় অনু রাখা হয়েছিল, দেখা গেছে একটি অনুর আকারের তুলনায় সেটি যথেষ্ট সুক্ষ ছিলো না, ফলে এর প্রভাব পড়েছে ছবিতে, অনুর চেহারা যথেষ্ট শার্প বা ঝকঝকে হয়নি।
ফলে গবেষকরা এখন উঠে-পড়ে লেগেছেন কেবল একটি কার্বন ও একটি অক্সিজেন অনু মিলিয়ে সুক্ষতম সুঁই তৈরি করার জন্য। আশা করা যাচ্ছে এর ফলে যথেষ্টই শার্প এবং ডিটেইলড অনুর ছবি পাওয়া সম্ভব হবে।
জানা গেছে, এ গবেষণার প্রধান লেখক লিও গ্রস সংবাদ সংস্থা বিবিসিকে বলেন, ‘নতুন পদ্ধতি অনুসরণ করে দলটি একটি একক অনুর চার্জ মাপার চেষ্টা করছে। এর ফলে, অনুগুলোর এমন ডিটেইল পাওয়া যাবে, যে পর্যায়ে আগে কখনো যাওয়া সম্ভব হয় নি। সে পর্যায়ে যেতে পারলে, তা মলিকিউলার ইলেকট্রনিক্স গবেষণায় সাহায্য করবে। আর মলিকিউলার ইলেকট্রনিক্স বিষয়ে যদি গবেষণা এগিয়ে যায়, তবে এক একটি অণুকেই সুইচ বা ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
যদিও এ পরীক্ষার মাধ্যমে পরমাণুগুলোকেও দেখা সম্ভব হয়েছে, কিন্তু কোনটি কোন পরমাণু সেটি এখনো নির্ধারণ করা যায় নি।
বিবিসি জানিয়েছে, গবেষক দলটি এখন নতুন এক পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। স্ক্যানিং টানেলিং মাইক্রোসকপি নামে পরিচিত এ পদ্ধতিতে অণুর স্যাম্পলের মধ্য দিয়ে খুবই অল্প ভোল্টেজ চালনা করা হয়। এর লক্ষ্য হলো দুটি পদ্ধতিই একসঙ্গে ব্যবহার করলে পরমাণুগুলোর চরিত্র সম্পর্কে আরো সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব কি না তা যাচাই করা।
উল্লেখ্য,এই পরীক্ষাটি সফলভাবে করা সম্ভব হলে তা রসায়নের পুরো জগতেই প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এ গবেষণার ফল সরাসরি প্রভাব ফেলবে ন্যানো টেকনোলজিতেও। সুত্র: বিডিনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




