
(এক)
শিউলি তলে শিউলি রোদ ঝলমল
শিশিরের বিন্দু দেখে প্রশান্ত নয়নে,
তখন অন্য শিশির অন্তর চয়নে
সেথা আসে,যে প্রবাসে আছে বহু দূরে।
শিশিরে পৃথিবী যেন নিষ্প্রভ অচল
শিউলি হারিয়ে তার। সে দেখে স্বপনে
শিউলি ঝরায় অশ্রু একান্তে শয়নে,
জেগে দেখে মাথা তার নিজে নিজে ঘুরে।
জীবিকা সন্ধানে লোক স্বপ্ন রাঙা নায়
চড়ে যায় দূর লোকে, এরপর কাঁদে
নিরবে নির্জনে বসে মন যাতনায়।
শিউলি-শিশির রাখে হৃদয় প্রাসাদে
স্ব-যতনে দু’জনের কত স্মৃতি কথা!
বিরহে জীবন যেন শুধুই অযথা।
(দুই)
নিশিথের শিউলিরা ঝরে ধীরলয়ে
সুঘ্রাণ ছড়িয়ে দিয়ে ঘাসের শিশিরে
যেনকি আকুল ডাকে আঁধার নিশিরে
‘ওগো ফুল শিউলি’সে নিশিও যে ডাকে।
শিরশিরে বাতাসেরা চলে বয়ে বয়ে
আঁধার যখন কাটে পাখি ডাকা ভোরে
তখন ফুলেরে দেখি জড়িয়ে ঘাসেরে
এক সাথে মিলেমিশে যেন তারা থাকে।
দু’চোখ জুড়িয়ে দেখি ফুরদের দলে
শিশিরেরা মিশে আছে করে জড়াজড়ি
পাখিরা তখন মাতে কল কোলাহলে
দৃষ্টিরা ফুলের মাঝে খায় গড়াগড়ি।
শিল্পীর ছোঁয়ায় দেখি ফুলে অনুপম
সর্বাঙ্গ রূপেতে নেই এক বিন্দু কম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
