
একটা গল্প বলবে আমায় সুকন্যা?
বলোনা প্লিজ,
ঐ যে হারিয়ে যাওয়া সুন্দর সোনালী দিনের গল্প
বা মেঘ রোদ্দুর এক চিমটি বৃষ্টির।
আচ্ছা থাক, বেশ কষ্ট যদি হয় তবে,
তবে সহজিয়া কোন হাসি খুশির গল্প
সুর বাঁধানো গীতিকাব্যের
ছোট্ট শিশুর অপার সুখের।
আচ্ছা বাদ দাও, তবে আরেকটা শোনাও
ক্ষুধা মুক্ত ভয় মুক্ত কোন জনপদের
বেশ সহজ করে গুছিয়ে তবে শোনাও
মানুষের রক্ত দেখেনি অন্য কোন মানুষ, এমনতর গল্প।
তাও যদি মনে না আসে তবে থাক তা,
এমন কোন গল্প শোনাও কান্না ছাড়া;
একটা হলেও এমন গল্প বলো সুকন্যা
আমি যেন বুঝতে পারি বাসযোগ্য এ ধরণী,
আমার জন্যে, তোমার জন্যে বা
অনাগত শিশুর হাসি মুখের জন্যে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




