আজ প্রথম আলোর ছুটির দিনে ম্যাগাজিনে স্বনামধন্য জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী প্রসঙ্গক্রমে একটি মজার বিষয় উল্লেখ করেছেন।
বিষয়টি হচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে আছেন।
ঋতু পরিক্রমায় বছরের প্রায় আড়াই-তিন মাস আমাদের দেশে বর্ষাকাল থাকে।
পৃথিবীর অনেক দেশেই বর্ষাকালের স্থায়িত্ব কম বেশি এরকমই।
আর বর্ষাকাল এলেই অবধারিত ভাবে যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে ছাতা।
কিন্তু আমাদের দেশে বিস্ময়করভাবে এই অতি প্রয়োজনীয় জিনিসটির ব্যবহার সীমিত- বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ছাতা হাতে নেয়া যেন রীতিমত স্মার্টনেস হানিকর। বৃষ্টিতে ভিজব কিন্তু ছাতা হাতে বের হব না।
অস্বীকার করি না, আমি নিজেও সেই কিশোর বয়স থেকে মাত্র কয়েক বছর আগ পর্যন্ত ছাতা জিনিসটা কখনই হাতে নিতে চাইতাম না। কখনও কখনও বৃষ্টিদিনে বাবা-মা জোর করে ছাতা দিলে সেটা ব্যাগে রেখে দিতাম, কখনই খুলতাম না
অথচ, অন্যান্য দেশে সব বয়সী মানুষ বৃষ্টির দিনে ছাতা ব্যবহার করে। হলিউডের সিনেমাতে প্রায়ই দেখি, প্রিয় অভিনেতা অভিনেত্রীরা বর্ষার দৃশ্যে খুব স্বাভাবিক ভাবে ছাতা ব্যবহার করছে। একটি দৃশ্য মনে পড়ছে, রিচার্ড গিয়ার হোটেল থেকে বেরিয়ে লম্বা একটা ছাতা খুলে হাঁটছে।
কয়েকদিন আগে অফিসের কাজে ওয়েস্টিন হোটেলে গিয়েছিলাম। তখন বেশ জোরে বৃষ্টি পড়ছিল। এক বিদেশীকে দেখলাম হোটেল থেকে প্রকান্ড একটা ছাতা নিয়ে বের হতে।
ওরা যদি বৃষ্টির দিনে ছাতা হাতে বের হতে কুন্ঠিত না হয় তাহলে আমাদের সমস্যাটা কোথায়?
আমাদের আত্মসম্মান বা স্মার্টনেস কিভাবে ছাতার মত একটি প্রয়োজনীয় জিনিসের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল, এর শুরু কোথায়- সেটা জানার খুব ইচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ রাত ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


