
অচেনার জগৎ নিয়ে বুক ধড়ফড় নিরলস
আদৌ তার ব্যবচ্ছেদ ব্যবধানে অদৃশ্য
সেখানে কী আছে, কেন টানছে মধুর ?
তবে তো তার জন্য খুলতে হবে আরেকটা পৃথিবী !
এখনো কান্না সুর পায় নি, ভাবনায় সুখ রাশি রাশি ।
অনেকে বলে সে জগৎ তারা খুব চেনে
সেখানে হয়েছিল তারা সানন্দে অধিগৃহীত
তাদের চোখে অদ্রব তন্দ্রা সুর বাজে
কেউ বলে নি সেখানে কোন শুদ্ধ সুর আছে
বেসুরে ধ্রুপদী সাজে নূপুরে !
সেই থেকে যেন আমায় টেনে ধরেছে
চলছে স্থির লয়ের চেষ্টায় নিরলস অস্থিরতা ।
সময় মানছে না তার সাথে আড়ি
তাই খুলে যাচ্ছে মূহুর্তে বাঁধন সূতো
স্বপ্নের অমোঘ ছায়া ফিরে আসছে ঘুরে ঘুরে ।
এই আকুলতায় জানি আরেকটি দেহ পরাজিত হবে
যে দেহের শয়নে শান্তি পাবে অচেনা জগতের সৌন্দর্য
হয়তো এ তার বিধান, অতীত স্মরণে নিঃসঙ্গ ভায়োলিন সুর টানে
ডানা ভেঙ্গে যে কত পাখি উড়িয়ে নিয়ে গেছে তার আগ্রাসী ছন্দ !
তারাও সে কথা বলেছে, তাই এখন ওরা দেখে আকাশ পানে ভরাট ।
এ তো সত্য এখন, সকল আশঙ্কা বিদ্ধে এই লাশ হবে আমার
আমাকে সেই অচেনা পৃথিবী আপন করে নেয়ার মন্ত্রে সত্যনিষ্ঠ
সেই টান আমি অনুভব করি, আমাকে বিলিয়ে দেবে-
তার সুখ ভরা যৌবনে--- তারপর ?
নিজস্ব পাপে আমায় ছুড়ে ফেলে দেবে !
এই অনুভব আমার অগ্রজ থেকে পাওয়া ।
অবশেষে তার তটস্থ সান্নিধ্য পেলে-
সে আমায় একটি গল্প শোনালো-
যার পরতে পরতে সুখের মাধুর্য
আরও আছে বেসামাল কান্না
আমি ঘাবড়ে যাই !
তখন সে বলল, এ সকল সুখের সম্পদ
জানো তো ! অতি সুখে জল তার নিজস্ব রূপ নেয় ।
অতঃপর সে বলল, এই গল্প আমি সবার জন্য রেখেছি
কিন্তু তারা বেসামাল কান্নাকে বুকে ধারণ করে অগ্রজের পথ ধরলো
কেউ দেখে নি এই জল কী দিয়ে গড়া !
সকলে জলের নকল রূপ সাধনায় কপালে কলঙ্ক এঁকে দিলো
এ আমার ভুল নয়, তোমাদের হৃদয়ের ছলাকলা-
সে যদিও বলে সঙ্গের পূজারি, আদতে নিঃসঙ্গতাকেই ভালোবাসে ঢের ।
নিঃসঙ্গতায় কিছু চাপা নেশা আছে যা তাকে করে রঙ্গ
ফেলে রাখে জনম দুঃখী দেহে, যেখানে নেই কোন নিঃশ্বাসের বসবাস
অজানায় নেই নেই সাজে পাওয়ার আকাঙ্ক্ষায় শত চন্দ্র গুজারি দেয়
এভাবে সে আতঙ্কগ্রস্থতাকে ভালবেসে সীমাহীন সমুদ্রে দেয় নিগূঢ় ডুব ।
এই নাও, তোমাকেও সুখ-কান্নায় ভরাট গল্পটা দিলাম
অতঃপর আমি গল্পটাকে বুকে বেঁধে নিজস্ব করলাম ।
কিন্তু এ যাবৎ সেখানে কোন সুখ খুঁজে পেলাম না
অবশেষে জানতে পারি আমি সর্বনাশ হয়ে গেছি !
তারও আগে কান্নাকে ভালোবেসে ফেলেছি-
অগ্রজদের বেভুলা নিঃশ্বাসে।
হয়ে গেছি জলের নকল রূপের অঘোষিত বাসিন্দা !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




