
ক'টা নির্লজ্জ উত্তাপ ভরাট ফোঁটা। জন্ম নিলো জীবন। বেড়ে গেলো উত্তরীয়ের উথালপাথাল মোড়ানো । কোন এক ক্ষণে, পূর্ণাঙ্গে উষ্ণ কোমল গুহা থেকে বেরিয়ে আসলো দায়বদ্ধ শীতল। এখানে অনেক আলো, সকল অচেনা অবয়ব । এলোমেলোয় ছোট্ট ছুটোছুটি, চিৎকার- কেঁদে ভাসালো । বোঝা গেল না কেন চিৎকার, কেন রোদন ! তবে কী এখানে আলো নেই ? অন্ধকারের রূপে আলোর বিচ্ছুরণ মাত্র ! হয়তো নিষ্পাপে তা ধরা দেয়, অন্ধ চক্ষুতে সুখ নিদারুণ ।
তবে সে একটি আকাশ এবং একটি সমুদ্র পেয়েছে । তারা হৃদয়ে রেখেছে নিঃস্বার্থে টিকে থাকার কঠিন অঙ্গীকার । আর তার তুলতুলে গলায় সময়ের অদৃশ্য ঘন্টা বেঁধে দিলে গতি পায় জীবন । এ গতি তাকে টেনে চলে একটি ধু-ধু পথের প্রান্ত স্পর্শে ।
এসবেরও পূর্বে দু'টি ঘর্মাক্ত নয়ন স্বপ্ন বুনেছিলো সেই আবেগি-আগ্রাসী ক্ষণে, যেখানে মিলেমিশে একাকার হয়েছে আদিমতার ঘ্রাণ ! কেউ দেখি নি, কেউ জানে নি- একটি নিষ্পাপ নিঃশব্দে বসত গড়লো সেই উষ্ণ কোমল গুহায় । তখনও তার পাখা গজায় নি । সে তখনও জানে না পাপে নিগৃহীতে বিতাড়িত হবে কী, অথবা পাপে অংশগ্রহণ করবে ! এক অনুভবের উড়ো চিঠিতে খবর পেল সে, অভাজন তারা অতীতে অনেককেই ছুড়ে ফেলে দিয়েছে- অবলীলায় । যারা আকাশ এবং সমুদ্র রূপে অঙ্গীকার করার কথা ছিলো- এরা ছিল বুকবিহীন অপাত্র । তারা কণ্ঠবিহীন বহিষ্কৃতে বিষাক্ত সুরে গান শোনায়- মলিন সংস্পর্শে জড়িয়ে ছিলো, সেথায় নাকি অবচেতনে হয়েছে তাদের নির্মম সর্বনাশ । পৃথিবী তাদের ধিক্কার দিতে শেখে নি কারণ তাদের সংস্পর্শও সে মেনে নেয় নি । আর সময় জন্ম নেয়ার আগেই সেই নিষ্পাপের শরীর সংকোচিতে মিলিয়ে গেল । পৃথিবী তাই উচ্ছিষ্টে ঘোষণা করে, এ সেই পাপ, যার জন্য আমি প্রস্তুত নই !
অনুভবের উড়ো চিঠির বিষাক্ত গন্ধে তাই সেই নিষ্পাপ ঘাবড়ে গিয়েছিলো । তার উষ্ণ আবেশে ছিল সঙ্কোচ । সে কী পারবে নিজেকে নিজে গড়ে জয়ী হতে ? অথবা দুর্বিপাকের হিংস্র হাতে হেরে যাবে অযথায় ? এ দুর্গ্রহের নিঃশ্বাস থেকে বাঁচতে সে লুকাতে চেয়েছে নিজেকে, এই ছোট্ট ঘরেও যেখানে কোন অগোচর নেই !
অবশেষে, সে তার সর্বনাশ দেখে নি। সে জয়ী হলো পাপে অংশগ্রহণের উদ্যানের প্রস্তুতিতে । পৃথিবী পেল কিছু সময়ের নির্মল প্রশান্তি । সে কথা পৃথিবী তাকে জানিয়ে দিলো স্বপ্নে- মধুর খেলায়, এই শীতল অভিবাদন রাখে সে সুস্থ আগমনের সান্নিধ্যে ।
অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে......
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




