আঁচলে বেঁধেছি খেলাঘর
শৈশবের ঝাঁপি থেকে তুলে আনা স্মৃতির বাসর
রাখালিয়া বাঁশি আর বাউলের গান
সেই স্মৃতিঘরে আজও জাগায় প্রাণ।
পদ্মপাতায় ঝরে পড়া বৃষ্টির দল
স্মৃতির সোনালী পাতায় হেসে উঠে খলখল।
বুনো প্রজাপতি উড়ে যেতে যেতে বসত যে পাতায়
আমার ভাবনার তরী আজও নোঙর ফেলে সেথায়।
লাল প্রজাপতির রঙিন শাড়ি, নীল প্রজাপতির পাড়
ঘাস ফড়িং এর দল উড়ে যেতে যেতে ফিরে দেখত বার বার।
আজ শাড়ির আঁচলে খেলাঘর বেঁধেছি
বেঁধেছি রঙিন সময়
কুয়াশার চাদর সরিয়ে দু'হাতে আশার সূর্যোদয়।
পদ্মফোটা পুকুরে জলকেলীর দল নাইতে নেমে
কাখের কলসী ভরতে হবে সেকথা যেতো ভুলে
শূণ্য কলস ভেসে যেতো পুকুর পাড়ের পাণে
শূণ্যতা তার ভরে থাকত জলকেলীদের খুনসুটিতে।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদের মুখটি দেখে
রূপকথার গল্পরা সব বসত পাশে ঝেঁকে
মায়ের মুখের সেসব গল্প আজও জেগে আছে
খেলাঘরের স্মৃতির পাতায়, প্রতি ভাঁজে ভাঁজে।
আঁচলে বেঁধেছি সেই খেলাঘর
আমার স্বর্ণালী দিনের সুখের নহর
বইছে সতত, বইবে বহতা নদীর মতো
আমি শুধু তুলে নিই স্বপ্নীল দিনের স্মৃতিরেণু যত।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



