ফিরে যাই স্মৃতির কাছে
পলাশতলির হাটের সেই ছায়াঢাকা পথ
বকুলতলির মাঠের সেই মুখর মেঠোপথ
আমার মায়ের ছোঁয়ামাখা স্মৃতির ছোট্ট ঘর
আমার সইয়ের সাথে গড়া পুতুল খেলার ঘর।
কোথায় হারিয়ে গেছে আজ জানিনা
কতদূর গেলে পাব এর ঠিকানা, জানিনা।
সেই শান বাধানো ঘাটে
সেই ঘু ঘু ঢাকা মাঠে
সেই যে লক্ষী পেঁচার ডাকে
সন্ধ্যা নামত বাঁশ ঝাড়ের আড়ালে
সেই ছায়াঢাকা সবুজে আঁকা আমার প্রাণের ঠিকানা
কোথায় হারিয়ে গেছে আজ জানিনা।
মটরশুটির বাঁক পেরিয়ে
দুর্বা সবুজ ঘাসের টানে
পলাশ শিমুলের রংমাখা রোদেলা দপুরে
হাওয়ায় ভেসে যাওয়া চৈতালী রোদের কাছে
আমার মনের খাতায় লেখা সে গান
কোথায় হারিয়ে গেছে আজ জানিনা।
বধূর কাখে কলসির পানিতে
আলতাপরা বালিকার পায়ের নুপুরে
রাখালের হাতে গোধূলী বেলার বাঁশীর সুরে
বাড়ির পাশে নদীর ঘাটে
মাঝির কন্ঠে ভাটিয়ালী সুরে
যে মন আমার উঠত নেচে ময়ূর পেখম মেলে
সে মন আজ হারিয়ে গেছে কোথায় জানিনা।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



