এই ব্লগেই প্রথম খবরটা জেনেছিলাম যে প্রথম আলো ব্লগ বন্ধ হয়ে যাচ্ছে। পুরো খবরটা পড়ে যতটুকু না বিস্মিত হয়েছিলাম তার চেয়ে বেশী আহত হয়েছিলাম আমি। কারণ আমার মনে একটা আশংকা দেখা দিয়েছিল। আমার মনে প্রশ্ন জেগেছিল যে, প্রথম আলো ব্লগ বন্ধ হয়ে যাওয়া মানে সেটা অন্য বাংলা ব্লগগুলোর জন্য অশনি সংকেত নয় তো ? সাথে সাথে প্রথম আলো ব্লগে যারা নিয়মিত ব্লগিং করছেন তাদের সেই মুহূর্তের মানসিক অবস্থা আমার মনকে নাড়িয়ে দিয়েছিল। সেই থেকে একটা ভয় বা আশংকা আমার মনে চেপে বসে আছে। এই বুঝি সামু ব্লগও বন্ধ হয়ে যাবার নোটিশ জারি করে বসল ! শুধু সামু নয়, অন্যান্য বাংলা ব্লগগুলোকে নিয়েও একই আশংকা মনের ভিতর কাজ করছে। যদি এই সমস্ত ব্লগ কখনও এমন সিদ্ধান্তের আওতায় পড়ে তাহলে কি হবে আমাদের ? অর্থাৎ আমরা যারা আনন্দদায়ক ব্লগিং এর জন্য সব সময় উন্মুখ হয়ে থাকি তারা কি সহজে মেনে নিতে পারব এমন কোন সিদ্ধান্ত ?
আমি অবশ্য সামু ছাড়া অন্য কোন ব্লগে সময় দিতে পারিনা। সামু আর ফেসবুক - এই দুটি গণ যোগাযোগ ফ্ল্যাটফরম যেন আমার অতি প্রিয় অঙ্গন, যেখানে নিজের মতো করে আনন্দে সময় কাটানো যায়। প্রথম আলো ব্লগ কেন বন্ধ হয়ে যাবার মতো পর্যায়ে এসে দাঁড়িয়েছে সে বিষয়ে বেশ কিছু তথ্যপূর্ণ লেখা ছিল ঐ পোস্টে। জানিনা আজ পর্যন্ত এই খবর বাস্তবায়নের কাজ কতদূর এগিয়েছে। আমরা জানি, যে কোন ব্লগে সেই ব্লগের সদস্যদের জন্য অবশ্য পালনীয় কিছু শর্তাবলী থাকে, যেগুলোর ব্যাত্যয় ঘটালে কর্তৃপক্ষ বা মডারেটরগণ সংশ্লিষ্ট ব্লগারকে যেমন শাস্তির মুখোমুখি করতে পারেন, তেমনি আমার মনে হয় তাদের নিজেদরকেও একারণে জবাবদিহিতার সম্মুখীন হতে হয় কারও না কারও কাছে। এটা খুবই স্বাভাবিক যে একটি ব্লগে বিভিন্ন মতাদর্শের ও রুচিবোধের সদস্য থাকবেন। তাদের কেউ উগ্র রাজনৈতিক পন্থী, কেউ বা এমন সব আপত্তিকর পোস্ট দেন যা সাধারণের রুচিবোধকে আঘাত করে, কেউ বা নিজের লেখা বা মন্তব্যের মাধ্যমে সরসারি অন্যকে আক্রমণ করতে মরিয়া হয়ে উঠেন। এমন অবস্থায় কোন কোন ক্ষেত্রে সম্মানিত মডারেটরদের কঠোর না হয়ে উপায় থাকেনা। আমি সামুতে ব্লগিং করছি বিগত চার বছরেরও অধিক সময় ধরে। এই সময়ের মধ্যে অনেক ব্লগারকে ব্লগ ছেড়ে চলে যেতে দেখেছি। চলে যাবার কারণ হিসেবে অনেকে বলেও গেছেন যে এখানে নোংরা রাজনীতি চলে কিংবা সুস্থ পরিবেশ নেই ইত্যাদি, ইত্যাদি।
কিন্তু কেন ? দেশের সর্ববৃহৎ এই বাংলা ব্লগটি কেন হারাবে তার মৌলিক ঐতিহ্য ? কেন এখানে সুস্থ পরিবেশের অভাবে ফ্ল্যাটফরম ছেড়ে চলে যাবেন অভিমানী ব্লগাররা ? এই দায় কি শুধু সামু কর্তৃপক্ষের ? আমি মনে করি, না। সামু কর্তৃপক্ষের একার দায় নয় এটা। আমাদের অতি প্রিয় এই অঙ্গনে সুস্থ ও আনন্দদায়ক ব্লগিং এর পরিবেশ বজায় রাখার দায়িত্ব ব্লগারদের উপরও বর্তায়। চিন্তার খুব একটা গভীরে যাবার দরকার নেই, একটু মনযোগী হলেই আমরা বুঝতে পারব যে আমাদের চিন্তা-চেতনা, বৈচিত্রমুখী প্রতিভা ও সাহিত্যিক রচনাগুলো দ্রুত প্রকাশ ও এগুলোর ভাল-মন্দ দিক নিয়ে মত বিনিময়ের জন্য সামু কিংবা অন্যান্য বাংলা ব্লগগুলো একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাটফরম। আমাদের যে কোন লেখা প্রকাশের জন্য দেশে অনেক প্রিন্ট মিডিয়া রয়েছে সেগুলোকে আমি কোনমতেই গুরুত্বহীন হিসেবে দেখছিনা। কিন্তু এখানে একটা বিষয় ভাবার আছে বলে আমি মনে করছি। যত ভাল লেখাই হোক না কেন, আমাদের অনেককেই সেগুলো যে কোন পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে হয় দিনের পর দিন কিংবা মাসের পর মাস। এক সময় ধৈর্যহারা হয়ে হাল ছেড়ে দিতে হয়। আর ছাপা যদিও হয়, এগুলোর ফিডব্যাক বা ভাল-মন্দ দিক নিয়ে পাঠক প্রতিক্রিয়া জানার সুযোগ তো সুদূর পরাহত বললেই চলে।
এর পাশাপাশি দাঁড় করিয়ে যে কোন বাংলা ব্লগকে তুলনা করা চলে মঞ্চ নাটকের সাথে। আমরা প্রায়ই অভিনেতা-অভিনেত্রীদের মুখে শুনে থাকি যে তাদের প্রিয় ফ্ল্যাটফরম হচ্ছে মঞ্চ। কারণ একটাই। সরাসরি দর্শক প্রতিক্রিয়া জানা যায় মঞ্চে অভিনয়ের মাধ্যমে। ব্লগের অন্য বন্ধুদের কথা জানিনা। আমি কিন্তু ব্লগকে আমার জন্য একটি নাট্যমঞ্চ বলেই মনে করি। কারণ সেই একই। যে কোন একটা পোস্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই ব্লগার পাঠকদের প্রতিক্রিয়া জানার সুযোগ হয় এখানে। এবং সাথে সাথে এর বিপরীতে আমার প্রতিক্রিয়াও প্রকাশ করার সুযোগ ঘটে। যারা নিয়মিত সামুতে স্বচ্ছতার সাথে ব্লগিং করছেন তারা এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপভোগ্য দিকটার কথা নিশ্চয়ই স্বীকার করবেন।
শুধু কি তাই ? বাংলা ভাষায় ব্লগিং করার এই যে ফ্ল্যাটফরম সামু বা অন্য যে কোন বাংলা ব্লগ--- এগুলো বিশ্বব্যাপী আমাদের মাতৃভাষা বাংলার প্রচার ও প্রসারে যে ব্যাপক ভূমিকা রাখছে সেদিকটাকে খাটো করে দেখার কোন উপায় নেই। তাই আজ যদি গুটিকতক ব্লগারদের আপত্তিকর ভূমিকার কারণে কোন বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা যারা ব্লগিং এর শর্তাবলী মনে রেখে এখানে সব সময় স্বচ্ছতা ও রুচিবোধ বজায় রাখার চেষ্টা করি তারা কেন হার মানব গুটিকতক ব্লগারের কাছে, যারা তাদের ভূমিকার মাধ্যমে বাংলা ব্লগকে প্রশ্নবিদ্ধ করছে ? আমরা কেন চেষ্টা করবনা আমাদের মেধা, উদ্যম ও মননশীলতার দ্বারা ব্লগিং এর অপশক্তিকে রুখে বাংলা ব্লগকে টিকিয়ে রাখতে এবং নতুন ব্লগারদের আগমনের পথ প্রশ্বস্ত করতে ও সকলের জন্য ব্লগিং এর সুস্থ বাতায়ন উন্মুক্ত করে দিতে ? এজন্য বাংলা ব্লগকে টিকিয়ে রাখতে হবে যে কোন মূল্যে, সমৃদ্ধ করতে হবে এর ভবিষ্যৎ অগ্রযাত্রার গতিপথ। এর দায়-দায়িত্ব যেমন ব্লগারদের উপর বর্তায়, তেমনি সম্মানিত মডারেটরদেরকেও ব্যাপক ভূমিকা রাখতে হবে একাজে। উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ব্লগসমূহ শুধু বেঁচে থাকবেই না, উত্তরোত্তর এগুলোর উন্নয়ন ঘটবে বিশ্বব্যাপী চলমান অন্যান্য ব্লগের সাথে পাল্লা দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




