আমার মেয়ের শরীর পুড়ছে
মন পুড়ছে তারও বেশী।
দুঃখ-যন্ত্রণায় এখন সে কাঁদছে দিবানিশি।
রাজনীতির আগুনে আরও পুড়ছে কত জন !
মায়ের কোলে শিশু পুড়ছে
স্কুলে যেতে সন্তান পুড়ছে
দিন মজুরের দেহ পুড়ছে।
পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে
সৃষ্ট জীবের শ্রেষ্ট মানুষ।
এ কেমন রাজনীতি ?
এ কেমন ক্ষমতার লোলুপতা ?
স্বার্থান্ধ চোখে তাদের পড়েনা কিছুই।
দগ্ধ লাশের মিছিলে তবু তারা গণতন্ত্রের ফানুস তোলে।
এ কেমন গণতন্ত্র ?
জনগণ যার মালিক
তারাই পুড়ে লাশ হচ্ছে অহরহ।
এ কেমন সভ্যতা ?
এ কেমন এগিয়ে যাওয়া আমাদের ?
যেখানে গণতন্ত্রের যজ্ঞোৎসব হয়
জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করে।
আর কত পুড়বে আমাদের মেয়ে ?
আর কত নিষ্পাপ শিশু জ্বলবে মায়ের কোলে ?
আর কত কর্মঠ হাত পুড়ে অঙ্গার হবে ?
পথে বসে হাহাকার করবে তার অসহায় পরিবার ?
চাইনা এমন রাজনীতি !
চাইনা এমন গণতন্ত্র !
আমি তাই ফিরে যেতে চাই
প্রাক-সভ্যতার নিকষ আঁধারে
লজ্জায় মুখ ঢাকব বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


