মনটা আমার অচেনা সুরের পিছু ধেয়ে চলে গেল
সে রাতে সূর্যমুখীরা
স্নানে নেমেছিল
জ্যোৎস্না ডুবুডুবু সরোবরে।
সে রাতে বাতাসের গায়ে
ভারী বর্ষণে
চাঁদ হারিয়েছিল
তার ঢলোঢলো যৌবনের রূপ।
সে রাতে ফুলেরা সুবাস ছড়িয়েছিল
একজন আগুন্তুকের প্রতীক্ষায়।
সে রাতে জ্যোৎস্নার মরা নদীতে
আমিও স্নান করেছিলাম
সূর্যমুখীদের সাথে।
বৃষ্টিভেজা ফুলের মালা খোঁপায় জড়িয়ে
সুবাস ছড়িয়েছিলাম
বাতায়ন পাশে।
বাতাসকে বলেছিলাম, ধীরে বহ তুমি।
আমার প্রিয়া যেন তোমার বিলোল পরশে
বুকের গভীর কুঠরী থেকে
বের করে আনতে পারে
প্রেমের কবিতাখানি।
সবই ঠিক ছিল।
আমার ভেজা ফুলের সুরভিত অশ্রু
ফোটায় ফোটায় পড়ে
তৈরি করেছিল নতুন একটি কবিতার বাসর।
সেখানে ফুল ছিল,
জ্যোৎস্নামাখা চাঁদ ছিল,
বৃষ্টিভেজা বাতাসের নৃত্য ছিল।
নিমীলিত কবিতার ছন্দ ছিল।
শুধু ছিলেনা তুমি।
তাই মনটা আমার
অজানার পাণে ডেকে যাওয়া
কোন এক অচেনা সুরের পিছু ধেয়ে চলে গেল
আর ফিরে এলনা।
০১-০৪-২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




