বড় নিঃসঙ্গ একা দুটি চোখ
বড় নিঃসঙ্গ একা দুটি চোখ
চেয়ে আছে
নিঃসীম সীমানায়
দুঃখের পাটাতনে ক্ষয়ে ক্ষয়ে সে
হারিয়ে ফেলেছে সব সুখ।
জেগে আছে শুধু
সময়ের এক টুকরো ছেঁড়া পাতা
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া
কবিতার মতো।
নিজের প্রতিচ্ছবি সে দেখে সেখানে
যখন জাগে প্রাণ আঁধারের নিঃসীম কারাগারে।
ক্ষয়ে যাওয়া দৃষ্টি নিয়ে যখন সে তাকায়
সামনে
রূপোলি ইলিশের মতো
ঝকঝকে উঠোনে।
দেখে, সেখানেও ঝড় উঠেছে
কূলহীন সমুদ্রে,
ভিতর-বাহির একাকার করা ঝড়
উঠে যেমন
বিধ্বস্ত প্রেমিকের মনে
কোন এক ফাল্গুনের পুষ্পঝরা ক্ষণে।
এরপর এলো সেই বৈশাখী ঝড়।
উড়িয়ে নিল সবকিছু।
তোমার-আমার ঠিকানা,
পাখিদের বাসা,
পুষ্পদলের মেলা।
শুধু রয়ে গেল
উঠোনের কোণ জুড়ে
ছেঁড়া পাতাদের জমাট স্তূপ।
মচমচে পাতার গা ছুঁয়ে
তুমিই ছিল সেখানে।
আমি খুঁজে নিলাম তোমাকে
যদিও ততদিনে
আমার নিঃসঙ্গ একা দুটি চোখ
দুঃখের পাটাতনে ক্ষয়ে ক্ষয়ে
হারিয়ে ফেলেছে সব সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




