এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।
হা-ডু-ডু মাঠ পেরিয়ে
মেঠো পথের বাঁক পেরিয়ে
আমার বাড়ির আঙিনা জুড়ে
বৈশাখ আসত নিয়ে পুঁথিকথা।
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।
তেপান্তরের মাঠ পেরিয়ে
বাবলা তলার ঘাট পেরিয়ে
নতুন দিনের সুখ ছড়িয়ে
বৈশাখ আসত দাদীর মুখে
নিয়ে শোলক গাঁথা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।
ঢাক-ঢোলের বাজনা বাজিয়ে
জীর্ণতাকে মুছে দিয়ে
বিসর্জনের ব্যথা ভুলিয়ে
নতুন আশার বান জাগিয়ে
বৈশাখ আসত কবির মুখে
নিয়ে কাব্য গাঁথা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই কথা।
মায়ের হাতের পিঠা-পুলি, মুড়কি-মুড়ি,
পান্থা ভাতে ইলশে গুড়ি
বাবার সাথে চরকার মেলা
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।
তাই তো আমি গল্পে লিখি
সেই বৈশাখের কথা।
কাঠের পুতুল, মাটির পুতুল,
ছেলে পুতুল, মেয়ে পুতুল,
নাগরদোলায় হুলুস্থূল,
বাজত ভেপু সারাবেলা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।
বাড়ি বাড়ি রং জুয়ারি
ডাকত দেয়া গগনবিদারী
ঈশাণ কোণ আঁধার করে
ঝড়ের সাথে যুদ্ধ করে
জমত মোদের আম কুড়োনি মেলা।
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।
তাই তো আমি গল্পে লিখি
সেই বৈশাখের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


