অবক্ষয়
সময়ের কলতান থেমে যাবে একদিন
চারপাশে জমবে ময়লা ধূলোর আস্তরণ
আবর্জনায় আবর্জনায় সয়লাভ হবে উঠোনকোণ।
জানলার ধারে মাধবীলতার ঝাড়
তার যৌবনের লাবণ্য হারিয়ে
বয়সী বটগাছের নিকট নতজানু হবে বাঁচার আশায়।
বাঁশঝাড়ে পেঁচার ডাক শুনে মনে হবে
গভীর অরণ্য থেকে ভেসে আসা
ভূতোড়ে কোন আওয়াজ।
শান-বাঁধানো পুকুর ঘাটে
শেওলার আস্তরণ জমে জমে
তৈরি হবে শতাব্দীর জীর্ণ দেয়াল।
তোমার অতি প্রিয় পড়ার টেবিলে
মাকড়সার বিছানো জালে
ফুটে উঠবে নতুন অলংকরণের ছবি।
এসব দেখে তুমি ভাববে,
কি করে হলো এত অবক্ষয় ?
উদাসী মানুষ, তুমি দেখনা চেয়ে
তোমার শরীরও এগিয়ে যাচ্ছে
ক্ষয়ে যাবার নিয়মে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


