মা ও আমি
মাকে বলেছিলাম, মাগো,
এমন করে বলোনা তুমি।
হারিয়ে যাবে তুমি এ কেমন কথা !
মায়েরা কি কখনও হারাতে পারে ?
মা হচ্ছে আলো ঝলমলে আকাশ।
আকাশ না থাকলে চন্দ্র-সূর্য-তারা
আলো ছড়াবে কোথায় ?
তেমনি তুমি না থাকলে মা
তোমার সন্তান আলোহীন হয়ে পড়বে।
মা বলেছিলেন, তোর এ কথাটা ঠিক নয় খুকি।
সন্তান মায়ের আলো ধার নিয়ে
আলো ছড়াবে চারপাশে।
তারপর নিজেই তৈরি করবে একটি আলোর জগত।
সেই আলোতে উদ্ভাসিত হবে বিশ্ব ভূবন।
এখানেই মায়ের সার্থকতা।
পৃথিবী থেকে চলে গিয়েও বেঁচে থাকবে
সন্তানের বিকীর্ণ আলো আঁকড়ে ধরে।
একে চলে যাওয়া বলেনা খুকি !
একে বলে স্থান ছেড়ে দেওয়া।
আমি জায়গা ছেড়ে না গেলে
তুই আলো হয়ে ফুটবি কি করে ?
আমি জানিনা, আমি আলো হয়ে ফুটতে পেরেছি কি-না।
তবে আমার চারপাশ আজ আলোকিত।
সেই আলো জুড়ে সৌরভ ছড়ায় আমার মা।
সেই যে বলেছিলাম মাকে, আজও বলছি।
মায়েরা কখনও হারায়না,
হারাতে পারেনা।
মায়েরা সব সময় বেঁচে থাকে সন্তানের মাঝে।
বিশ্বজুড়ে সন্তানের সৌরভ ছড়াতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


