স্বপ্নগুলো অন্যের অধিকারে চলে যায় বারবার
সেই কবে, একাত্তরে
নতুন পরিচয়ে জেগে উঠার ক্ষণে
স্বপ্নের বীজ পুতেছিলাম আমরা বিশ্বাসের গভীর তলে।
ভেবেছিলাম, সেই দিন অতি নিকটে
যেদিন আমাদের বুকের উত্তাপ শুষে নিয়ে
সোনালী দিনের অংকুরোদগম হবে এদেশে
গভীর মাটির তল থেকে
দু'টি কচি পাতার আড়ালে
গজিয়ে উঠা শস্য দানার মতো।
ভেবেছিলাম, আমাদের স্বপ্নের অংকুরোদগমও তেমনি হবে
গণতান্ত্রিক অধিকার আর
দেশপ্রেমের টোপর মাথায় নিয়ে।
সেই থেকে অপেক্ষা আমাদের।
অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।
অপেক্ষার প্রহরে কেটে গেল চারটি দশক।
তবু আজও হয়নি আমাদের স্বপ্নের অংকুরোদগম।
আমাদের বিশ্বাসের চাওয়াটুকু
নিঃশ্বাসের কাছে এসে
ফিরে গেছে বারবার।
আমরা পাইনি গণতান্ত্রিক অধিকার।
তাই তো ভোটকেন্দ্রে আমার ভোট
হয়ে যায় অন্যের অধিকার।
আমাকে আমি পারিনা তুলে ধরতে
দেশের জন্য একজন যোগ্য প্রতিনিধি বেছে নিতে।
এ কেমন স্বদেশ প্রেম ওদের ?
আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে
ওরা জয়ের উল্লাসে নৃত্য করে
আমাদের তাপিত প্রাণে ভাঙনের সুর তোলে।
তাদের কাছে আমাদের
আর কি আছে চাওয়ার ?
আমাদের চার দশকের প্রোথিত স্বপ্ন
এখানে এসে মার খায় বারবার।
কারণ, আমাদের স্বপ্নগুলো
অন্যের অধিকারে চলে যায় বারবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


