বায়স্কোপওয়ালা
ও বায়স্কোপওয়ালা ------
তোর দিন আজ হারিয়ে গেছে
তুই হয়ে গেছিস ইতিহাসের পাতা।
সেই যে তোর রহস্যময়ী বাক্সের ভিতর
আসত-যেত কত রাজা-বাদশা !
কত লোক-লোকান্তর ! দেশ-দেশান্তর !
অচেনা-অজানা।
আজ তেমনি করে স্মৃতির বাক্সে আসে-যায় আমার ছেলেবেলা।
ও বায়স্কোপওয়ালা ------
আমাদের ছেলেবেলার আনন্দ-খেলায়
তোর কথা ভুলা নাহি যায়।
তোর কথার জালে মোহন সুরে
অচেনা জগত যেত খুলে।
অবাক বিস্ময়ে দেখতাম চেয়ে
তোর বাক্সের সেই জগতটাকে।
তুই ছিলি সেই স্বপ্নপুরীর স্বপ্নের চাবিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা ------
তোর কথা ছিল তেমনি মধুর
আজও কানে বাজে স্মৃতি মধুর।
“কলকাতা শহর আইসা গেল,
রাণী ভিক্টোরিয়া দেখা গেল”।
এমনি কত কথার জালে
আমার শৈশব আছে জড়িয়ে।
তুই-ই তো সেই মধুর দিনের চেনা ফেরিওয়ালা।
ও বায়স্কোপওয়ালা ------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


